‘কালো বরফ’ দিয়ে আলোচনায় ইরফান সাজ্জাদ

‘কালো বরফ’ দিয়ে আলোচনায় ইরফান সাজ্জাদ

ফন্ট সাইজ:

বিভিন্ন কাজের মাধ্যমেই অভিনেতা হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন ইরফান সাজ্জাদ। আর হাল সময়ে ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে ফাহাদ চরিত্রে অভিনয় ক্‌ের ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছেন। এদিকে, ঈদেও নানা মাধ্যমে ব্যস্ত ছিলেন তিনি। এবারের ঈদ আনন্দমেলা উপস্থাপনায়ও পাওয়া গেছে তাকে। অন্যদিকে, হানিফ সংকেতের একমাত্র ঈদের নাটকে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন তিনি। এর বাইরে আরও একাধিক ঈদের নাটকে পাওয়া গেছে এ অভিনেতাকে। এদিকে, ঈদ উপলক্ষে নির্মিত হলেও তার অভিনীত ‘কালো বরফ’ নাটকটি ২৯শে মার্চ ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট চ্যানেলে প্রকাশ হয়। ভিকি জাহেদ পরিচালিত এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন সাদিয়া আয়মান। সাদা বরফ আলো ছড়ায় আর কালো বরফ সব রহস্য নিজের ভেতর লুকিয়ে রাখে- এমন ট্যাগলাইনেই উন্মুক্ত হয়েছে নাটকটি। আর মুক্তি পেতেই অনেক ভিউসর্বস্ব নাটকের ভেতরও বেশ প্রশংসা কুড়াচ্ছে ‘কালো বরফ’। নাটকটিতে অভিনয় করে নজর কেড়েছেন ইরফান সাজ্জাদ। একজন মানুষ নিজের ভেতরের একাকিত্বের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে। অতীতের কোনো এক ভুল বা ক্ষতকে প্রতিনিয়ত বয়ে বেড়ায়। ইরফান সেই ক্ষতবিক্ষত মনের অবয়বটি তার শরীরী ভাষায় নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। নাটকটির ইউটিউবের কমেন্ট বক্স জুড়েও ইরফানের অভিনয়ের প্রশংসা চলছে। ইরফান সাজ্জাদ শুধু এসব ভালোবাসার বিপরীতে বললেন, দর্শকদের ভালোবাসা হলো কোনো কাজের সবচেয়ে বড় স্বীকৃতি। আর ‘কালো বরফ’- এ সেটা পাচ্ছি। তাদের প্রতি কৃতজ্ঞতা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন