বলিভিয়াকে চোখের জলে ভাসিয়ে দীর্ঘ ৪০ বছর পর ফুটবল বিশ্বকাপের মূল মঞ্চে জায়গা করে নিলো ইরাক। আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালে বুধবার রাতে ২-১ গোলের নাটকীয় জয়ে ১৯৮৬ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চে নাম লেখালো এশিয়ার এই দেশটি। এর মাধ্যমে পূর্ণ হলো বিশ্বমঞ্চের ৪৮ দলের চূড়ান্ত লাইনআপ। মহাদেশ বিবেচনায় এবারের বিশ্বকাপে সর্বাধিক ১৬ দল লড়বে ইউরোপ থেকে। ১০ দল নিয়ে এ তালিকায় দুইয়ে আফ্রিকা। এশিয়া থেকে বিশ্বকাপে সুযোগ পেয়েছে ৯টি দল। আমেরিকার দুই অংশ থেকে টিকিট পেয়েছে সমান ৬টি করে দল। এর বাইরে ওয়েশিয়া থেকে বিশ্বকাপে জায়গা পাওয়া একমাত্র দল নিউজিল্যান্ড।
মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইয়ে প্লে-অফের ফাইনালে সুইডেনের কাছে ৩-২ ব্যবধানে হেরে বাদ পড়েছে লেভানদফস্কির পোল্যান্ড। এতে বিশ্বকাপে সুযোগ জায়গা পেয়েছে সুইডেন। প্রথমার্ধ শেষে সুইডেন ২-১ গোলে এগিয়ে থাকলেও এক পর্যায়ে স্কোরলাইন ২-২ করেছিল পোল্যান্ড। কিন্তু ম্যাচের নির্ধারিত সময়ের ২ মিনিট বাকি থাকতে গোল করে লেভানদোভস্কির দলের বিশ্বকাপ খেলার আশা থামিয়ে দেন ভিক্তর ইয়োকেরেস।লেভানদোস্কির স্বপ্নভঙ্গের রাতে দুই যুগের অপেক্ষার অবসান ঘটিয়েছে তুরস্ক। প্লে-অফের ফাইনালে কসোভোকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া বিশ্বকাপে ‘সি’ গ্রুপে অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে ও স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গী হয়েছে তুরস্ক। আর লেভার স্বপ্ন ভেঙে দেয়া সুইডেন ‘এফ’ গ্রুপে নেদারল্যান্ডস, জাপান ও তিউনিসিয়াকে পেয়েছে। তুরস্কের মতো দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছে চেক প্রজাতন্ত্র। ডেনমার্কের সঙ্গে প্লে-অফের ফাইনালে নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ করেছিল দলটি। অতিরিক্ত সময়েও সমতায় (২-২) শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ডেনমার্ককে ৩-১ গোলে হারিয়ে ২০০৬ সালের পর বিশ্বকাপে জায়গা করে নেয় চেক প্রজাতন্ত্র। মূল পর্বে দলটি ‘এ’ গ্রুপে মেক্সিকো, সাউথ আফ্রিকা ও সাউথ কোরিয়ার সঙ্গে লড়বে। উয়েফা অঞ্চলের আরেক প্লে-অফের ফাইনালে ইতালির স্বপ্নভেঙে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বসনিয়া। আর আন্তর্মহাদেশীয় প্লে-অফে জামাইকাকে ১-০ গোলে বিশ্বকাপে খেলার পেয়েছে ডিআর কঙ্গো। আর ৪৮তম দল হিসেবে বিশ্বকাপে সুযোগ পেয়েছে ইরাক। আন্তর্মহাদেশীয় আরেক প্লে-অফে বলিভিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। ১৯৮৬ সালের পর এই প্রথম বিশ্বকাপে খেলার সুযোগ পেল ইরাক। এবারের আসরে তারা লড়বে ‘আই’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ফ্রান্স, সেনেগাল এবং আর্লিং হালান্দের নরওয়ে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ই জুন থেকে ১৯শে জুলাই পর্যন্ত বসবে ফুটবলের এই মহাযজ্ঞ।
২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ
গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, চেক প্রজাতন্ত্র
গ্রুপ বি: কানাডা, সুইজারল্যান্ড, কাতার,বসনিয়া এন্ড হার্জেগোভিনা
গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি
গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, তুরস্ক
গ্রুপ ই: জার্মানি, ইকুয়েডর, আইভরি কোস্ট, কুরাসাও
গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া,সুইডেন
গ্রুপ জি: বেলজিয়াম, ইরান, মিশর, নিউ জিল্যান্ড
গ্রুপ এইচ: স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে
গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ইরাক
গ্রুপ জে: আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান
গ্রুপ কে: পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান, ডি.আর. কঙ্গো
গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা
