নোয়াখালীর হাতিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রকে কেন্দ্র করে সংঘর্ষে বিটিভি’র এক রিপোর্টারসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন কেন্দ্রের বাহিরে দফায় দফায় এ সব হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চরঈশ্বর বাংলা বাজার কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে বিটিভি’র রিপোর্টার মিরাজ উদ্দিনের ওপর হামলা চালানো হয়। এতে তিনি ও তার সঙ্গে থাকা মোটরসাইকেলচালক সাকিব আহত হন। এ ছাড়া ওচখালী বাজার, বুড়িরচর, জাহাজমারা ও সোনাদিয়া ইউনিয়নেও হামলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রায় ৩০ জন চিকিৎসা নিয়েছেন, তাদের মধ্যে চারজন ভর্তি রয়েছেন। হান্নান মাসুদের একাধিক সমর্থক অভিযোগ করে বলেন, বিভিন্ন জায়গায় তাদের নেতাকর্মীদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেয়া হয়েছে। অনেক জায়গায় এনসিপি’র কর্মীদের উপর হামলা করা হয়েছে। অনেককে হাসপাতালে পাঠানো হয়েছে। যানবাহন না থাকার কারণে অনেক লোককে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ সব বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে। যোগাযোগ করা হলে হাতিয়া থানার ওসি সাইফুল আলম দৈনিক মানবজমিনকে বলেন, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার বিষয়টি শুনেছি। এতে কয়েকজন আহত হয়। তবে এসব ঘটনায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।
হাতিয়ায় দফায় দফায় হামলায় সাংবাদিকসহ আহত ৩০
স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে
১৩ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
