বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ দেখতে গ্যালারিতে লাল-সবুজের পতাকা হাতে হাজির হয়েছিলো ছয় হাজার প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশের সমর্থনে গলা ফাটানোর পাশাপাশি খেলা শেষে মাঠ পরিষ্কার করে নজির গড়লেন তারা। সিঙ্গাপুরের সংবাদমাধ্যমেও প্রচার করা হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের কার্যক্রম।
সিঙ্গাপুরের কাছে গতকাল এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। তবে আধিপত্য বিস্তার করে খেলেছে হাভিয়ের কাবরেরার দলই। দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করেছিল সফরকারীরা। কিন্তু কখনো পোস্টে লেগে বল ফিরে এসেছে। কখনোবা ঠিকঠাক ফিনিশিংয়ের অভাবে গোল হয়নি।
সাধারণত ম্যাচ শেষে জাপানের দর্শকদের মাঠের আবর্জনা পরিষ্কার করতে দেখা যায়। গতকাল সিঙ্গাপুর ম্যাচের পর প্রবাসী বাংলাদেশিরা সেরকম নজিরই স্থাপন করেছেন। প্রবাসী বাংলাদেশিদের এমন কার্যক্রম বেশ প্রশংসিত হয়েছে। সেন্ট্রাল নিউজ এশিয়া (সিএনএ) নামের সিঙ্গাপুরের এক সংবাদমাধ্যম নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আজ ২২ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দেখা গেছে, বাংলাদেশের জার্সি পরিহিত দর্শকেরা গ্যালারিতে পড়ে থাকা বোতলসহ অন্যান্য আবর্জনা তুলে নিয়ে পলিথিনে সংগ্রহ করছেন। ক্যাপশনে সিএনএ লিখেছে, ‘সিঙ্গাপুর-বাংলাদেশ ম্যাচের পর জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশি ফুটবল ভক্তরা আবর্জনা পরিষ্কার করছেন।’
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে মঙ্গলবার প্রবাসী বাংলাদেশিদের জন্য ৬ হাজার টিকিট বরাদ্দ রাখা ছিল। শেষ পর্যন্ত স্বাগতিকদের কাছে ১ গোলে হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ভক্ত-সমর্থকদের। ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়েই শেষ হলো হামজাদের এশিয়ান কাপ বাছাই।
৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে মূলপর্বে উঠেছে সিঙ্গাপুর।

আজিজুল হক
২ মাস আগেএসব খবর শুনলে গর্বে বুক ভরে যায়। ধন্যবাদ ঐ সব বাংলাদেশী ভাইদের।