নারায়ণগঞ্জে জেলা প্রশাসন ও বিজিবি যৌথভাবে পৃথক দুটি অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা ১৩ হাজার ৯৮০ লিটার ডিজেল জব্দ করেছে। এ ঘটনায় সিফাত গাজী নামে এক ব্যক্তিকে ২ মাসের কারাদণ্ড ও নগদ ৬ হাজার টাকা অর্থদণ্ড এবং নাসির নামে আরেক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সিদ্ধিরগঞ্জের গোদনাইল এসও রোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার গোপন খবরের ভিত্তিতে জেলা প্রশাসন এবং নারায়ণগঞ্জ ৬২ বিজিবি ব্যাটালিয়নের সার্বিক সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯ হাজার ১০০ লিটার অবৈধভাবে মজুত করে রাখা ডিজেল জব্দ করা হয়। এবং এই ডিজেলের যে দায়িত্বে ছিলেন তিনি কোনো সদুত্তর দিতে না পারায় তাকে বাংলাদেশ পেট্রোলিয়াম আইনে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে এবং ৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এবং অনাদায়ে আরও ছয়দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। পরে জব্দকৃত ডিজেল মেঘনা ডিপোর ডিজিএমের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে এই অপরাধের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করার জন্য অফিসার ইনচার্জকে নির্দেশনা প্রদান করা হয়েছে। অপরদিকে, মেঘনা ডিপো সংলগ্ন এসও বাসস্ট্যান্ড রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একই টিম একটি বাড়িতে অভিযান চালিয়ে ৪ হাজার ৮৮০ লিটার ডিজেল জব্দ করে। এ সময় অভিযুক্ত নাসির (৫০)কে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ ৬২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক।
নারায়ণগঞ্জে ১৪ হাজার লিটার ডিজেল জব্দ, দুইজনকে কারাদণ্ড
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
২ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
