ফটিকছড়িতে বিএনপি জামায়াত সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া

ফন্ট সাইজ:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পূর্ব সুয়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নির্ধারিত সময়ের আগেই রেজাল্ট শিটে পোলিং এজেন্টদের স্বাক্ষর নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাসুদ বিন রশিদ ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই কেন্দ্রের দরজা বন্ধ করে কয়েকজন পোলিং এজেন্টের কাছ থেকে রেজাল্ট শিটে স্বাক্ষর নেন। বিষয়টি জানাজানি হলে কেন্দ্রের ভেতরে ও বাইরে উপস্থিত বিএনপি ও জামায়াত সমর্থিত এজেন্ট ও কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। একপর্যায়ে দুইপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। এতে কেন্দ্র এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাঈদ মো. ইব্রাহিম বলেন, প্রিজাইডিং অফিসার সময়ের আগে এজেন্টদের কাছ থেকে স্বাক্ষর নেয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে প্রশাসন তাৎক্ষণিক হস্তক্ষেপ করে। যেসব কাগজে অগ্রিম স্বাক্ষর নেয়া হয়েছিল, সেগুলো সবার সামনে ছিঁড়ে ফেলা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় এবং বর্তমানে কেন্দ্রের পরিবেশ শান্ত রয়েছে। এ বিষয়ে প্রিজাইডিং অফিসার মাসুদ বিন রশিদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন