বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনে বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে চলতি বছরের মধু আহরণ মৌসুম। উপকূলীয় বনজীবী ও মৌয়ালদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বনের গভীরে প্রবেশের অনুমতি (পাস) ১লা এপ্রিল থেকে দেয়ার কথা থাকলেও নিরাপত্তারক্ষী সঙ্গে দেয়া হবে এজন্য আগামী ৪ঠা এপ্রিল থেকে পাস দেয়া হবে বলে বনবিভাগ জানায়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে বলে জানা গেছে। বনবিভাগ আশা করছে, অনুকূল আবহাওয়া থাকলে এ বছর শরণখোলা রেঞ্জে ৫৫০ কুইন্টাল ও চাঁদপাই রেঞ্জ ৪৫০ কুইন্টাল মধু এবং ৬০০ কুইন্টাল মোম সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। সুন্দরবনে বনদস্যুদের উৎপাত বৃদ্ধি পাওয়ায় এ বছর কাক্সিক্ষত মধু আহরণ করতে পারবে কিনা- তা নিয়ে মৌয়াল ও বনবিভাগের মধ্যে সন্দেহ রয়েছে। বনবিভাগের পক্ষ থেকে জানা গেছে, এ বছর মধু সংগ্রহের জন্য শরণখোলা রেঞ্জ থেকে আটটি বিএলসি সংগ্রহ করেছে মৌয়ালরা। মৌসুম ঘিরে এ বছর সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মৌয়ালদের নিরাপত্তা নিশ্চিত করতে বনকর্মীদের বিশেষ নির্দেশনা দেয়াসহ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি কয়েকগুণ বাড়ানো হয়েছে। এ ছাড়া, বনবিভাগের পাশাপাশি কোস্ট গার্ডের সঙ্গে সমন্বয় করে যৌথ টহল এবং নজরদারি জোরদার করা হবে; যা মৌয়ালদের আত্মবিশ্বাস বাড়াবে। এ ছাড়া, মৌয়ালদের সন্ধ্যার সময় বিভিন্ন স্টেশনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ৩০ বছরের অধিক সময় ধরে সুন্দরবন মধু সংগ্রহের কাজ করে এমন কয়েকজন মৌয়াল বলেন, বনবিভাগের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে প্রতি বছর মধু মৌসুমের শুরুতেই অভয়ারণ্য এলাকায় বিশেষ টিম গঠন করে তারা পাঠায়। ফলে তারাই সবচেয়ে বেশি মধু সংগ্রহ করে যার একটি অংশ মৌলয়ালরা নেয় বাকিটা শরণখোলার রায়েন্দা বাজার, মোড়লগঞ্জ, বাগেরহাট, মঠবাড়িয়া, খুলনাসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে বলে অভিযোগ রয়েছে। এ বছর বনবিভাগের কঠোর অবস্থানের বিপরীতে মাঠপর্যায়ের মৌয়ালদের মধ্যে এখনোও দস্যু আতঙ্ক বিরাজ করছে। সুন্দরবন পূর্ব বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী ও শরণখোলা রেঞ্জের কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, বনদস্যুদের উৎপাতের কারণে লক্ষ্যমাত্রায় পৌঁছাতে বিঘ্ন ঘটতে পারে। তবে বিষয়টি মাথায় রেখে এ বছর যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া, কোস্ট গার্ডের সঙ্গে আলোচনা করে সব ধরনের সহযোগিতা চাওয়া হয়েছে। উল্লেখ্য, গত বছর ৬৪৭ কুইন্টাল মধু ও ৩০০ কুইন্টাল মোম সংগৃহীত হয়েছে।
সুন্দরবনে মধু আহরণ মৌসুম শুরু, লক্ষ্যমাত্রা অর্জনে বাধা হতে পারে বনদস্যু বাহিনী
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
২ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
