কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবালের (হাঁস) মার্কার তিন কর্মীকে কুপিয়ে জখম করেছে বিএনপি’র কর্মীরা। বৃহস্পতিবার সকালে ভোট চলাকালীন বাজিতপুর উপজেলার হালিমপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের কাছে এ ঘটনা ঘটে। গুরুতর আহত হাঁস মার্কার তিন সমর্থক হলো- হালিমপুর ইউনিয়নের পশ্চিম কুতুবপুর গ্রামের নাঈম হোসেন (২৮), তার পিতা মো. হাসান মিয়া (৫৮) ও আব্দুল কাইউম (৬২)। এ ছাড়া, আল আমিন (২০) নামে বিএনপি’র এক সমর্থকও আহত হন। আহতদের মধ্যে নাঈম, হাসান ও কাইউমের মাথা, বুক, হাত-পা সহ শরীরে আঘাত করা হয়েছে। আহত চারজনকেই বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরজমিন হালিমপুর গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, পশ্চিম কুতুবপুর থেকে আহতরা ভোটকেন্দ্রের দিকে যেতে চাইলে পথিমধ্যে একদল লোক তাদের বাধা দেন। আহতরা প্রতিবাদ জানালে তাদের ওপর হামলা চালিয়ে কোপানো হয়। বাজিতপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির অভিযোগ করে বলেন, বিএনপি’র প্রার্থীর প্রধান কর্মী ও হালিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজল ভূঁইয়ার কর্মীরা স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবালের কর্মী-সমর্থকদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেন এবং কুপিয়ে মারাত্মক জখম করেন। এদিকে, এ ঘটনার জের ধরে হাঁস মার্কার ক্ষুব্ধ একদল লোক শেখদী গ্রামে গিয়ে কাজল ভূঁইয়া, তার ভাইসহ সাত-আটজনের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। কাজল ভূঁইয়া তার বাড়িঘরে হামলার অভিযোগ করেন। তবে হাঁস মার্কার কর্মীদের কুপিয়ে জখমের অভিযোগ সম্পর্কে প্রশ্ন করলে তিনি ফোন কেটে দেন।
এই বিষয়ে বাজিতপুর থানার ওসি এস এম শহিদুল্লাহর সঙ্গে কথা হলে তিনি জানান, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
কিশোরগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থীর তিন কর্মীকে কুপিয়ে জখম
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
