ফুলপুরে ধর্ষণের পর কিশোরীর আত্মহত্যার ঘটনায় আসামি গ্রেপ্তার

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ফুলপুরে ধর্ষণের শিকার কিশোরীর আত্মহত্যার ঘটনায় রুবেল মিয়া (৪০)’কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। বুধবার দুপুরে ময়মনসিংহ র‌্যাব-১৪’র কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত মঙ্গলবার রাত ৮টার দিকে জেলার ফুলপুর উপজেলার রামভদ্রপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। সূত্র জানায়, গত রোববার (২৯শে মার্চ) উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের বড় শুনই গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে। পরে ওইদিন রাতেই কিশোরী অভিযুক্ত রুবেলের বাড়িতে গিয়ে বিষ পান করেন। পরে সোমবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিশোরীর মৃত্যু হয়। আর আগে সোমবার রাতেই ওই কিশোরীর বাবা বাদী হয়ে রুবেলকে আসামি করে মামলা দায়ের করেন। কিশোরী ও রুবেল একই এলাকার বাসিন্দা। তারা একে অপরের প্রতিবেশী। রুবেল দুই সন্তানের বাবা বলে জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, বিষপানের পর অসুস্থ অবস্থায় গত রোববার রাত ১১টার পর কিশোরীকে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিশোরী মারা যায়। পরে ময়নাতদন্ত শেষে সন্ধ্যার পর মরদেহ নিয়ে থানার সামনে গিয়ে স্বজনরা অভিযুক্তের বিচার চেয়ে বিক্ষোভ করে। এ সময় পুলিশ মরদেহ দাফনের পর থানায় আসার জন্য পরামর্শ দিয়ে তাদের বাড়িতে পাঠান। ময়মনসিংহ র‌্যাব-১৪’র অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, ঘটনাটি আলোচিত। মামলার ২৪ ঘণ্টা পেরোনোর আগেই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন