মালদ্বীপের চলমান সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে হারিয়ে ফাইনালে পা রাখলো বাংলাদেশ। মালে স্টেডিয়ামে প্রধমার্ধে লিড নেয়া গোলে নেপালকে ১-০ গোলে হারায় মার্ক কক্সের শিষ্যরা। আগামী ৩রা এপ্রিল টুর্নামেন্টের ফাইনাল খেলবে মিঠু চৌধুরীর দল।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর প্রাণপণ চেষ্টা চালায় বাংলাদেশ। ৫৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হাতছাড়া করেন জয়। ৬০ মিনিটে মাথায় সমতায় ফিরতে পারতো নেপাল। বিজ্ঞান খাদকারের ফ্রি কিক পোস্টে লেগে ফিরে আসলে নেপালের সমতায় ফেরা হয়নি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বদলি নামা ডেক্লান সুলিভানের পাসে গোলের সুযোগ নষ্ট করেন সুমন সোরেণ ও তার ভাই রোনান সুলিভান। একাধিক সুযোগ হাতছাড়া করে ব্যবধান বাড়াতে পারেনি লাল-সবুজ প্রতিনিধিরা।
এর আগে ম্যাচের সপ্তম মিনিটে লিড নেয়ার সুযোগ তৈরি করে বাংলাদেশ। মুরশেদ আলীর চমৎকার পাসে বল পান নাজমুল হুদা ফয়সাল। ডি-বক্সের ভেতরে পাওয়া বলকে লক্ষ্যভেদ করতে পারেননি তিনি। নাজমুলের নেয়া শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। সে সময় নাজমুলের পাশে ছিলেন গ্রুপপর্বে দুই গোল ও এক অ্যাসিস্ট করা যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান সুলিভান। সুযোগ হাতছাড়ার চার মিনিট পর লিড নেয় বাংলাদেশ। মুরশেদ আলীর করা কর্নার কিক থেকে দারুণ এক হেডে নেপালের জালে পাঠান মোহাম্মদ মানিক। ওই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
