বলিভিয়াকে কাঁদিয়ে ৪০ বছর পর বিশ্বকাপে ইরাক

বলিভিয়াকে কাঁদিয়ে ৪০ বছর পর বিশ্বকাপে ইরাক

ফন্ট সাইজ:

বলিভিয়াকে চোখের জলে ভাসিয়ে দীর্ঘ ৪০ বছর পর ফুটবল বিশ্বকাপের মূল মঞ্চে জায়গা করে নিলো ইরাক। আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালে ২-১ গোলের নাটকীয় জয়ে ১৯৮৬ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চে নাম লেখালো এশিয়ার এই দেশটি। এর মাধ্যমে পূর্ণ হলো বিশ্বমঞ্চের ৪৮ দলের চূড়ান্ত লাইনআপ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে বলিভিয়াকে চেপে ধরে ইরাক। ৯ মিনিটে বক্সের বাইরে ফ্রি-কিক থেকে আমির আল-আমারির শট বলিভিয়ান গোলরক্ষক গিলের্মো ভিসকারা দারুণভাবে রুখে দিলেও বেশিক্ষণ জাল অক্ষত রাখতে পারেননি। এক মিনিট পরেই আল-আমারির কর্নার থেকে উড়ে আসা বলে নিখুঁত হেডে লক্ষ্যভেদ করেন আল-হামাদি। ১-০ গোলে এগিয়ে গিয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন উজ্জ্বল করে ইরাক।
পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে লাতিন আমেরিকার দেশ বলিভিয়া। ৩৮ মিনিটে ফরোয়ার্ড মইসেস পানিয়াগুয়ার গোলে সমতায় ফেরে তারা। ১-১ সমতায় প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও লিড নেয় ইরাক। মার্কো ফারজির পাস থেকে দুর্দান্ত এক ফিনিশিংয়ে দলের জয় নিশ্চিত করেন আইমেন হুসেইন। শেষ বাঁশি বাজার পর বলিভিয়ার গোলরক্ষক ভিসকারার কান্নার দৃশ্য স্টেডিয়ামের গ্যালারিকেও আবেগপ্রবণ করে তোলে।
১৯৮৬ সালের পর এই প্রথম বিশ্বকাপে খেলার সুযোগ পেল ইরাক। এবারের আসরে তারা লড়বে ‘আই’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ফ্রান্স, সেনেগাল এবং আর্লিং হালান্দের নরওয়ে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ই জুন থেকে ১৯শে জুলাই পর্যন্ত বসবে ফুটবলের এই মহাযজ্ঞ। ৪০ বছরের দীর্ঘ খরা কাটিয়ে ইরাক এখন বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণের অপেক্ষায়।

২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ
গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, চেক প্রজাতন্ত্র
গ্রুপ বি: কানাডা, সুইজারল্যান্ড, কাতার,বসনিয়া এন্ড হার্জেগোভিনা
গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি
গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, তুরস্ক
গ্রুপ ই: জার্মানি, ইকুয়েডর, আইভরি কোস্ট, কুরাসাও
গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া,সুইডেন
গ্রুপ জি: বেলজিয়াম, ইরান, মিশর, নিউ জিল্যান্ড
গ্রুপ এইচ: স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে
গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ইরাক
গ্রুপ জে: আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান
গ্রুপ কে: পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান, ডি.আর. কঙ্গো
গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন