বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে শেষ প্রস্তুতি ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-১ গোলের দাপুটে জয় পেয়েছে ব্রাজিল। জয়ের পর সংবাদ সম্মেলনে দলের হেড কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, দলের কাঠামো ও বর্তমান পরিবেশে তিনি অত্যন্ত সন্তুষ্ট।
ক্রোয়েশিয়াকে হারানোর পর আনচেলত্তি বলেন, ‘আমি খুশি, অনুপ্রাণিত এবং আত্মবিশ্বাসী। আমি বেশ শান্ত বোধ করছি কারণ আমার মনে হয় আমাদের দলের কাঠামো এখন বেশ শক্তিশালী। দলের ভেতর চমৎকার একটি পরিবেশ রয়েছে এবং আমরা খুব ভালোভাবে কাজ করছি।’
ইতালিয়ান মাস্টারমাইন্ড বলেন, ‘জাতীয় দলের জার্সি গায়ে জয় সবসময় আলাদা অনুভূতি দেয়। আমরা যখন হারি, সেটি খুব কষ্টের হয়। এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ জয়। আমার মনে হয় দল আজ খুব জমাট এবং আক্রমণাত্মক ফুটবল খেলেছে। আমাদের পরিকল্পনা এমনই ছিল। অবশ্যই কিছু জায়গায় আরও উন্নতির সুযোগ আছে, তবে ফ্রান্স ম্যাচের পর আমি যেমনটা বলেছিলাম-আমরা সঠিক পথেই আছি।’
ম্যাচে ব্রাজিল প্রথম গোলের দেখা পায় প্রথমার্ধের যোগ করা সময়ে। রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের চোখধাঁধাঁ পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন অভিজ্ঞ ডিফেন্ডার দানিলো। ম্যাচের শেষ ১০ মিনিটে রোমাঞ্চ চরমে পৌঁছায়। ৮৪ মিনিটে লাভরো মেজরের গোলে ক্রোয়েশিয়া সমতায় ফিরলে শঙ্কা জেগেছিল ড্রয়ের। তবে নাটকীয় শেষ ৫ মিনিটে জোড়া গোল করে জয় ছিনিয়ে নেয় সেলেসাওরা। ৮৮ মিনিটে ইগর থিয়াগো পেনাল্টি থেকে গোল করার পর ইনজুরি টাইমে (৯২ মিনিট) কফিনে শেষ পেরেকটি ঠোকেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।
বিশ্বকাপের স্কোয়াড চূড়ান্ত করার আগে আনচেলত্তি আজ আটজন বদলি খেলোয়াড় নামিয়ে শেষবারের মতো পরীক্ষা-নিরীক্ষা সেরে নেন। তবে মাঠের ফুটবলের পাশাপাশি গ্যালারিতে আবারও উত্তাপ ছড়িয়েছে ‘নেইমার’ নাম।
ব্রাজিল ফুটবল ফেডারেশন জানিয়েছে, আগামী ১৮ই মে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে। এরপর ৩১শে মে পানামা এবং ৬ই জুন মিসরের বিপক্ষে শেষ দুটি প্রীতি ম্যাচে বিশ্বকাপের মূল একাদশ নিয়ে মাঠে নামবে আনচেলত্তির শিষ্যরা।
ক্রোয়েশিয়াকে হারিয়ে স্বস্তিতে আনচেলত্তি
স্পোর্টস ডেস্ক
খেলা
২ মাস আগে
১ এপ্রিল (বুধবার), ২০২৬, ২ঃ০৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
