রাজধানীর শ্যামপুরে আরএসএম স্টিল মিলে বয়লার বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন- মো. হিরা , মো. খলিলুর রহমান, মোহাম্মদ রজব আলী, মোহাম্মদ মতিউর রহমান, মো. এরশাদ মিয়া, মো. লিটন মিয়া, মোহাম্মদ মানিক মিয়া, মোহাম্মদ ইউসুফ মিয়া।
দগ্ধদের নিয়ে আসা সহকর্মী মো. শহিদুল ইসলাম বলেন, কদমতলীর শ্যামপুর ঢাকা ম্যাচ স্টিলমিল কারখানায় লোহা গালানোর সময় গলিতে লোহা গায়ে পড়ে আট শ্রমিক দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে আসলে তাদেরকে ভর্তি দেয়া হয়েছে। তারা সবাই ওই স্টিল মিলের শ্রমিক।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডাঃ শাওন বিন রহমান জানান, সকাল ১১ টার দিকে কদমতলীর শ্যামপুর স্টিলমিল থেকে আট শ্রমিক দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছে। তাদের মধ্যে, হীরার ১৭ শতাংশ , মানিকের ৪০ শতাংশ, রজব আলীর ৪ শতাংশ, এরশাদের ১১শতাংশ, খলিলুর রহমানের ৯ শতাংশ, লিটনের ৭ শতাংশ, মতিউরের ১০ শতাংশ দগ্ধ ও ইউসুফের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে ভর্তি দেয়া হয়েছে। তবে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
