দেশের বিভিন্ন অঞ্চলে সম্প্রতি হাম রোগের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা ধীরে ধীরে একটি বিস্তৃত প্রাদুর্ভাবের রূপ নিচ্ছে। সন্দেহভাজন ও নিশ্চিত রোগীর সংখ্যা বৃদ্ধি এবং হাম-সদৃশ উপসর্গে শিশু মৃত্যুর খবর জনস্বাস্থ্য খাতে তাৎক্ষণিক ও সমন্বিত পদক্ষেপের প্রয়োজনীয়তা স্পষ্টভাবে সামনে নিয়ে এসেছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি হঠাৎ করে তৈরি হয়নি। বরং এটি গত কয়েক বছরের নীতি-ঘাটতি, বিলম্বিত সিদ্ধান্ত এবং দুর্বল বাস্তবায়নের একটি ফলাফল। বিশেষ করে ভ্যাকসিন সংগ্রহে ধীরগতি, সময়মতো ইমিউনাইজেশন ক্যাম্পেইন না করা, এবং পর্যাপ্ত প্রস্তুতির অভাব দেশের সামগ্রিক প্রতিরোধ ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে। পূর্ববর্তী সরকারের অদক্ষতা, অভিজ্ঞতার অভাব এবং পরিস্থিতির জরুরিতা উপলব্ধি করতে ব্যর্থতা—এই সংকট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
পরিস্থিতির গুরুত্ব বুঝে সরকার, দ্রুত এবং কার্যকরভাবে পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে এসেছে। ইতোমধ্যে ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)-এর দেশ প্রধানদের সঙ্গে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের সাথে উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ১টায় একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা আহ্বান করা হয়েছে, যেখানে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে তাৎক্ষণিক করণীয় নির্ধারণ করা হবে।
সরকারের পদক্ষেপগুলো কয়েকটি গুরুত্বপূর্ণ দিককে কেন্দ্র করে এগোচ্ছে। প্রথমত, দ্রুত ভ্যাকসিন সংগ্রহ, দেশে আনা এবং ঝুঁকিপূর্ণ ও সুবিধাবঞ্চিত এলাকায় বিতরণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দ্বিতীয়ত, জনমনে অযথা আতঙ্ক কমাতে এবং সঠিক তথ্য পৌঁছে দিতে জাতীয় পর্যায়ে যোগাযোগ কার্যক্রম জোরদার করা হচ্ছে।
এছাড়া, দেশের সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জন্য হাম রোগের সন্দেহভাজন রোগীদের সঠিক ব্যবস্থাপনার জন্য স্পষ্ট নির্দেশিকা প্রণয়ন ও প্রেরণ করা হচ্ছে। একই সঙ্গে হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো—বিশেষ করে রোগী আলাদা রাখার ব্যবস্থা ও চিকিৎসা প্রস্তুতি শক্তিশালী করার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি উদ্বেগজনক হলেও এখনো নিয়ন্ত্রণের বাইরে যায়নি—যদি দ্রুত, সমন্বিত এবং তথ্যভিত্তিক পদক্ষেপ নেওয়া যায়। এখন সবচেয়ে জরুরি হলো জনসাধারণকে আশ্বস্ত করা, মাঠপর্যায়ের সেবা জোরদার করা এবং সংক্রমণ বিস্তার রোধ করা।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক পরামর্শক ড. জিয়া উদ্দিন হায়দার হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের সঙ্গে কাজ করছেন। তিনি বলেন এই মুহূর্তে সবার সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণকে আশ্বস্ত করা এবং সঠিক তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সবার ভূমিকা অপরিহার্য।
বাংলাদেশ অতীতেও বড় বড় জনস্বাস্থ্য চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করেছে। দৃঢ় নেতৃত্ব, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং কার্যকর বাস্তবায়নের মাধ্যমে এই পরিস্থিতিও নিয়ন্ত্রণে আনা সম্ভব। এ বিষয়ে আমরা আশাবাদী।
হাম প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ: দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ মাস আগে
১ এপ্রিল (বুধবার), ২০২৬, ১০ঃ৪৭ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
