সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

ফাইনালে ওঠার লড়াইয়ে আজ নেপালের সামনে বাংলাদেশ

ফন্ট সাইজ:

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবারের আসরেও দুর্দান্ত খেলছে যুবারা। গ্রুপপর্বে অপরাজিত থেকে সেমিফাইনালে পা রাখে বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে আজ নেপালের বিপক্ষে খেলতে নামবে মার্ক কক্সের শিষ্যরা। মালদ্বীপের মালেতে অবস্থিত ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে খেলা শুরু বিকাল পৌনে ৫টায়। এ ম্যাচে নেপালকে হারিয়ে ফাইনালে ওঠার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন ডিফেন্ডার মুলতাজিম আলম হিমেল। তিনি বলেন, ‘আমরা প্রথম ম্যাচ থেকে নিজেদের প্রমাণ করে সেমিফাইনাল পর্যন্ত এসেছি। আমরা জানি আমরা স্ট্রং। আমরা চ্যাম্পিয়ন হতে এসেছি। নেপাল আমাদের জন্য বড় বাধা। প্রতিটা প্লেয়ার শতভাগ উজাড় করে দিচ্ছে। দল আত্মবিশ্বাসী, কাল (আজ) সেমিফাইনাল জিতে দেশকে ফাইনাল উপহার দিবো।’
টুর্নামেন্ট শুরুর আগেই আলোচনার কেন্দ্রে ছিলেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সুলিভান ব্রাদার্সের জমজ ভাই রোনান ও ডেকলাইন সুলিভান। লাল-সবুজ জার্সিতে ডেকলাইনের জায়গা না হলেও অভিষেক থেকেই উজ্জ্বল রোনান। গ্রুপপর্বে প্রথম ম্যাচে তার জোড়া গোলে পাকিস্তানকে হারায় বাংলাদেশ। রোনানের দাপুটে পারফরম্যান্সে সেমিফাইনালে পথে এক পা দিয়ে রাখে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। এরপর পাকিস্তান ভারতের কাছে ৩-০ গোলে হেরে গেলে এক ম্যাচ হাতে রেখে সেমিফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের। গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করে লাল-সবুজ প্রতিনিধিরা। সেই ম্যাচে রোনান সুলিভানের কর্নার থেকে বাংলাদেশের পক্ষে গোল করেন রিয়াদ ফাহিম। নেপালের বিপক্ষে সেমিফাইনালেও বাংলাদেশের ভরসায় থাকবেন রোনান। এবারের টুর্নামেন্টে সেমিফাইনালে ওঠার পথে নেপালও দারুণ ফুটবল খেলেছে। নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ২-১ গোলে হারায় তারা। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে। শেষ ম্যাচে স্বাগতিক মালদ্বীপের সঙ্গে ড্র করে ‘এ’ গ্রুপের সেরা হয়। সেই আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশের মুখোমুখি হবে নেপাল। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের এই আসরের এর আগে সাতবার অংশ নিয়েছে বাংলাদেশ। ২০১৫ সালে প্রথমবার অংশ নিয়ে সেমিফাইনাল খেলার পর ২০২৪ সালে চ্যাম্পিয়ন হয় লাল-সবুজ প্রতিনিধিরা।
সূচি অনুযায়ী, ৭ দল নিয়ে হওয়া এবারের আসরের ফাইনাল হবে আগামী ৩রা এপ্রিল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন