ইতিহাস গড়ার ম্যাচে ইতিবাচক বাটলার

ফন্ট সাইজ:

থাইল্যান্ডের ব্যাংককে আজ পর্দা উঠছে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের দ্বাদশ আসর। থাম্মাসাত স্টেডিয়ামে উদ্বোধনী দিনেই স্বাগতিক থাইল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে এই দ্বৈরথ। আগের ১১ আসরে দর্শক হয়ে থাকলেও এবার প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মঞ্চে খেলবে বাংলাদেশ। ইতিহাস গড়ার এ মঞ্চে ইতিবাচক থেকে মাঠের লড়াইয়ে সামর্থ্য প্রমাণের অপেক্ষায় হেড কোচ পিটার বাটলার। তিনি বলেন, ‘মেয়েরা নিজেদের সামর্থ্যের প্রমাণ দেবে এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলবে। আশা করি ফলাফলের কথা চিন্তা না করে আমরা কিছু ইতিবাচক পারফরম্যান্স দেখতে পাবো।’ থাইল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়ার এই ম্যাচে আফঈদা খন্দকারের পরিবর্তে অর্পিতাকে অধিনায়ক করে নামছে বাংলাদেশ। এবারের টুর্নামেন্টটি বাংলাদেশের মেয়েদের জন্য কেবল মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই নয়, এটি বিশ্বমঞ্চে যাওয়ার সিঁড়িও। টুর্নামেন্টের সেরা চার দল সরাসরি জায়গা করে নেবে ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে। সেমিফাইনালে পা রাখতে পারলেই প্রথমবারের মতো কোনো বিশ্বমঞ্চে ওড়ানোর সুযোগ পাবে বাংলাদেশের পতাকা। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শক্তিশালী চীন, ভিয়েতনাম ও স্বাগতিক থাইল্যান্ড। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে থাইল্যান্ডের মাটিতে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করার পর জর্ডানকে ২-০ ব্যবধানে হারায় লাল-সবুজ প্রতিনিধিরা। ম্যাচ দু’টি থাই মেয়েদের বিপক্ষে লড়াই করার টনিক হিসেবে কাজ করবে। যদিও ফিফা র‌্যাঙ্কিংয়ে ৫২ নম্বর স্থানে থাকা থাইল্যান্ড বাংলাদেশের (১১৩তম) চেয়ে অনেক এগিয়ে। এদিকে গত বছরের শুরুতে কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করে দল থেকে বাদ পড়েন তখনকার অধিনায়ক সাবিনা খাতুন। তখন নতুন অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয় আফঈদা খন্দকারকে। জাতীয় দলের পাশাপাশি অনূর্ধ্ব-২০ দলেরও আর্মব্যান্ড এই ডিফেন্ডারের হাতে। কিন্তু সমপ্রতি পারফরম্যান্সে ছেদ পড়েছে তার। অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপের তিন ম্যাচে প্রত্যাশা মেটাতে পারেননি। তাই হারাতে হচ্ছে অধিনায়কত্বও। আজ শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে দেখা যাবে নতুন অধিনায়ককে। ফুটবল ফেডারেশন সূত্রে জানা গেছে, আরেক সেন্টার ব্যাক অর্পিতা বিশ্বাসকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। সর্বশেষ অনূর্ধ্ব-১৯ সাফে অধিনায়ক হিসেবে খেলেছিলেন অর্পিতা।
এশিয়ান মঞ্চে তাই তাঁর ওপর আস্থা রাখতে চায় বাফুফে। আট দলের এই টুর্নামেন্টে দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সরাসরি সেমিফাইনালে উঠবে। সেইসঙ্গে নিশ্চিত হবে বিশ্বকাপের টিকিটও। থাইল্যান্ড ম্যাচের পর ৪ঠা এপ্রিল চীন এবং ৭ই এপ্রিল ভিয়েতনামের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন