থাইল্যান্ডে জাতীয় হকি দল, হংকংয়ের সঙ্গে প্রস্তুতি ম্যাচ আজ

ফন্ট সাইজ:

ভিসা জটিলতা কাটিয়ে এশিয়ান গেমসের বাছাইপর্ব খেলতে থাইল্যান্ডে গেল বাংলাদেশ জাতীয় হকি দল। গতকাল তারা ব্যাংককে পৌঁছান। সেখানে পৌঁছে টিম হোটেলে ওঠার বিষয়টি নিশ্চিত করেন দলের হেড কোচ আশিকুজ্জামান। বাছাইপর্বে নামার আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আজ হংকংয়ের সঙ্গে দুই কোয়ার্টারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ শুরু স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে। নিরাপত্তা শঙ্কায় এশিয়ান হকি ফেডারেশন বাছাইপর্বের ম্যাচগুলো ওমান থেকে থাইল্যান্ডে সরিয়ে নেয়। নতুন সূচি অনুযায়ী আগামীকাল বাছাইপর্ব শুরু। এ টুর্নামেন্টে বাংলাদেশ ‘পুল বি’-তে রয়েছে। একই পুলে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, চাইনিজ তাইপে এবং উজবেকিস্তান। ‘পুল এ’-তে স্বাগতিক থাইল্যান্ড ছাড়াও হংকং, ইন্দোনেশিয়া, কাজাখস্তান ও ওমান প্রতিদ্বন্দ্বিতা করবে। আর এ টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছাড়ার আগে ভিসা জটিলতায় পড়ে বাংলাদেশ। ৩১শে মার্চের আগে দল ভিসা পাবে কিনা সেই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন খোদ ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান। এ সংশয় কাটিয়ে ঠিকই থাইল্যান্ডে পা রাখে ফজলে হোসেন রাব্বির দল। বাছাইপর্বের কোনো আসর থেকে বাদ পড়েনি বাংলাদেশ। গত আসরে রানার্সআপ হয় লাল-সবুজ প্রতিনিধিরা। মূলপর্বে যেতে না পারলে বাংলাদেশের জন্য এটি হবে বড় ব্যর্থতা। তাই ভালো খেলে মূলপর্বে যাওয়ার লক্ষ্য কোচ আশিকুজ্জামানের। থাইল্যান্ড থেকে তিনি বলেন, ‘অবশ্যই আমাদের কোয়ালিফাই করতে হবে। সেই লক্ষ্যে এখানে আসার আগে ছেলেরা দেশে কঠোর পরিশ্রম করেছে। আশা করি ম্যাচে সেই আউটপুট দেখতে পাবো।’ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ। পরদিন শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে লাল-সবুজ প্রতিনিধিরা।
দুইদিন বিরতির পর ৬ই এপ্রিল গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপপর্ব শেষে টুর্নামেন্টের শীর্ষ চার দল সেমিফাইনাল খেলার পাশাপাশি পাবে এশিয়ান গেমসের মূলপর্বে খেলার টিকিট।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন