দেশের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডে নতুন পরিচালনা পর্ষদের অভিষেক ও সৌজন্য সাক্ষাৎ উপলক্ষে বসেছিল তারকাদের মিলনমেলা। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি। এ সময় আরও উপস্থিত ছিলেন- ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পাট ও বস্ত্র মন্ত্রী শরিফুল আলম, সড়ক যোগাযোগ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী, বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রশিদ উজ-জামান মিল্লাত, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, সংসদ সদস্য ডাক্তার দেওয়ান সালাউদ্দিন আহমেদ, এবিএম মোশাররফ হোসেন এমপি, হুইপ রফিকুল ইসলাম বকুল, খায়রুল কবির খোকন এমপি, মোহামেডান ক্লাবের গভর্নিং বডির সাবেক সদস্য সচিব মনিরুল হক চৌধুরীসহ ক্লাবের অনেক কর্মকর্তা। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্রীড়াঙ্গনে এখন সবচেয়ে বেশি প্রয়োজন অরাজনৈতিক ঐক্য ও স্বচ্ছতা। ‘আমরা একটি অন্ধকার সময় পেরিয়ে নতুন আলো দেখছি। এখন সময় এসেছে ক্রীড়াঙ্গনকে নতুন করে সাজানোর,’ বলেন তিনি। সাবেক এই ক্রীড়া সংগঠক স্মৃতিচারণ করে জানান, খেলাধুলার পরিবেশে এলেই তিনি নিজের ঘরে ফেরার অনুভূতি পান।
দেশের ইতিহাসে প্রথমবারের মতো ক্রীড়াবিদদের জন্য ‘ক্রীড়া ভাতা’ ও ক্রীড়া কার্ড চালু করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান ফখরুল। তিনি বলেন, ‘চেয়ারম্যান মহোদয় দেশে ফেরার আগেই ক্রীড়াঙ্গন নিয়ে তার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। এই উদ্যোগ বর্তমান ও ভবিষ্যৎ খেলোয়াড়দের জন্য বড় অনুপ্রেরণা হবে।’ মোহামেডানের ঐতিহ্য তুলে ধরে তিনি বলেন, ‘মোহামেডান শুধু একটি ক্লাব নয়, এটি বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।’ তিনি অতীতের মোহামেডান-আবাহনী ম্যাচের সেই দর্শক উন্মাদনা আবারো ফিরে পাওয়ার আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং মোহামেডানের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন, ‘মোহামেডানের অবদান অনস্বীকার্য। তবে আমরা আবাহনীসহ দেশের সব ক্লাবকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে চাই।’ খেলাধুলার ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় নয়, বরং খেলোয়াড়দের মেধা, দক্ষতা ও প্রতিভার ভিত্তিতে মূল্যায়নের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। রিজভী বলেন, ‘যাদের প্রতিভা আছে, যারা ভালো খেলতে পারে, যারা দক্ষ এবং এই খেলাতেই মেধাবীরা যেন সমান সুযোগ পায়, তারা যেন যথাযথ জায়গা পায়। একজন খেলোয়াড়কে তার কাজ বা কৃতিত্বের বদলে রাজনৈতিক রং দিয়ে বিবেচনা করা উচিত নয়।’ ব্যতিক্রমী এই আয়োজনে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টুও উপস্থিত ছিলেন। দিনটিকে ‘ঈদের আনন্দের’ সঙ্গে তুলনা করে তিনি একে একটি সুন্দর মিলনমেলা হিসেবে উল্লেখ করেন। দীর্ঘদিনের শিরোপা খরা কাটিয়ে মোহামেডানকে আবারো শীর্ষে ফেরাতে নতুন পরিচালনা পর্ষদকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান অনুষ্ঠানের অতিথিরা। এর আগে নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১১টায় ক্লাবে পৌঁছালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নবনির্বাচিত পরিচালনা পর্ষদ, স্থায়ী সদস্য ও খেলোয়াড়রা উষ্ণ অভ্যর্থনা জানান।
