এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেও গোল অধরা থাকলো বাংলাদেশ। কাল্লাংয়ের জাতীয় স্টেডিয়ামে ড্র’য়ের আশা জাগিয়েও আজ সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হারলো লাল-সবুজ প্রতিনিধিরা। ম্যাচের ৩১ মিনিটে হারিস স্টুয়ার্টের করা একমাত্র গোলই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয়। ভাগ্য সহায় না থাকা এবং ফিনিশিংয়ের অভাবে সিঙ্গাপুরের কাছে হেরে এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শেষ হলো হ্যাভিয়ের কাবরেরার শিষ্যদের।
শুরু থেকে দারুণ ফুটবল উপহার দেয় বাংলাদেশ। প্রথম ১৫ মিনিটে গোলের দুটি সুযোগ তৈরি করে। ১৪ মিনিটে ডান দিক দিয়ে দারুণ এক ক্রস করেন সাদ উদ্দিন। বক্সের ভেতরে একেবারে ফাঁকা অবস্থায় বল পান কানাডায় জন্ম নেয়া শমিত সোম। তার হেড লক্ষ্যভ্রষ্ট হলে বাংলাদেশের এগিয়ে যাওয়া হয়নি। ৩১ মিনিটে স্রোতের বিপরীতে লিড নেয় সিঙ্গাপুর। ইখসান ফান্দির বাড়ানো বল থেকে নিখুঁত শটে মিতুল মারমাকে পরাস্ত করেন হারিস স্টুয়ার্ট। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ চালায় বাংলাদেশ। কোচ কাবরেরা মাঠে নামান বিশ্বনাথ ঘোষ ও মিরাজুল ইসলামকে। ৭৯ মিনিটে গোল করার সুবর্ণ সুযোগ পায় বাংলাদেশ। হামজা চৌধুরীর নিখুঁত ক্রস থেকে তরুণ স্ট্রাইকার মিরাজুলের নেয়া শটটি গোলপোস্টে লেগে ফিরে আসলে গোলবঞ্চিত হয় সফরকারীরা। শেষ দিকে সমতা ফেরার চেষ্টা করেও গোল পায়নি বাংলাদেশ।
৬ ম্যাচ শেষে ৫ পয়েন্ট নিয়ে বাছাইপর্ব শেষ করলেন হামজা-শমিতরা। ৫ ম্যাচে ১ জয়, ২ হার ও ২ ড্র নিয়ে আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ। অন্যদিকে ১১ পয়েন্ট নিয়ে এই গ্রুপ থেকে আগেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করা সিঙ্গাপুর শেষটা জয়ে রাঙালো।
দুর্ভাগ্যের হারে বাছাইপর্ব শেষ করলো বাংলাদেশ
স্পোর্টস রিপোর্টার
খেলা
২ মাস আগে
৩১ মার্চ (মঙ্গলবার), ২০২৬, ৮ঃ১৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
