সেই জুটিকে নিয়ে এবার ‘চেনা অচেনা’

সেই জুটিকে নিয়ে এবার ‘চেনা অচেনা’

ফন্ট সাইজ:

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ প্রযোজিত ‘দেনা পাওনা’র দারুণ সাফল্যের পর এ্যালেন শুভ্র ও তাবাসসুম ছোঁয়া জুটি ফিরলেন নতুন মিনি সিরিজ ‘চেনা অচেনা’য়। কে এম সোহাগ রানা পরিচালিত ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’য় খাইরুল ও নিপা চরিত্রে তাদের রসায়ন দর্শকদের মন ছুঁয়েছে। ‘চেনা অচেনা’য় রাতুল চরিত্রে এ্যালেন শুভ্র ও আয়রা চরিত্রে পর্দায় আসছেন তাবাসসুম ছোঁয়া। গল্পে দেখা যাবে, আয়রার প্রেমিক থাকে আমেরিকায়, কিন্তু হঠাৎ দাদি মাত্র সাতদিনের মধ্যে তাকে বিয়ে করতে বলেন। এমন পরিস্থিতিতে আয়রা এক দুঃসাহসী সিদ্ধান্ত নেয়। সে রাস্তার ভিখারি রাতুলকে টাকা দিয়ে নিজের স্বামী সাজিয়ে বাড়িতে নিয়ে আসে এবং দাদির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সরল-সোজা রাতুলকে দাদির ভালো লেগে যায়। ধীরে ধীরে সে পরিবারের একজন হয়ে ওঠে। কিন্তু সমস্যা দেখা দেয় আয়রার চাচাকে ঘিরে। তিনি চান, আয়রার বিয়ে হোক তার ব্যবসায়িক অংশীদারের ছেলের সঙ্গে, যাতে তার ব্যবসার পরিধি আরও বড় হয়। তিনি বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করে আয়রা-রাতুলের ‘নকল’ সম্পর্ককে ভেঙে দিতে চান। নতুন সিরিজ পরিচালনা করেছেন রাজের অন্যতম সহকারী ওমর ফারুক। তিনি বলেন, জীবনে অনেক সময় পরিস্থিতি মানুষকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে, যা সে আগে কখনো ভাবেনি। মিনি সিরিজটিতে আমরা সেটাই দেখাতে চেয়েছি। ‘চেনা অচেনা’য় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, ডা. এজাজুল ইসলাম, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু, এবি রোকন, তানজিম হাসান অনিক। গতকাল থেকে প্রতি মঙ্গল ও বুধবার দুপুর ১২টায় ইউটিউবে সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট চ্যানেলে দেখা যাচ্ছে ‘চেনা অচেনা’ নতুন পর্ব।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন