শহীদ মুগ্ধের পিতার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ফন্ট সাইজ:

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের পিতা মীর মোস্তাফিজুর রহমান সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল সোমবার তার জটিল হৃদযন্ত্রের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। হৃদরোগ বিশেষজ্ঞ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরীর নেতৃত্বে অভিজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। খবর জানামাত্র বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার চিকিৎসার খোঁজখবর নিতে এবং পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের নির্দেশ দেন। বিএনপি ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, আজ ৩১ মার্চ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. মনোয়ারুল কাদির বিটুর নেতৃত্বে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে একটি প্রতিনিধি দল হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে যায়। তারা মুগ্ধের পিতার সার্বিক চিকিৎসার তদারকি করেন এবং প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।
এসময় শহীদ মীর মুগ্ধের পিতা মীর মোস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন এবং মুগ্ধের বড় ভাই দিপ্ত ধন্যবাদ জ্ঞাপন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’- এর সদস্য মুস্তাকিম বিল্লাহ, জাতীয় হৃদরোগ ইনিস্টিউটের ড্যাবের সাধারণ সম্পাদক ডা: আবু হেনা মোস্তফা কামাল, সহযোগী অধ্যাপক এটিএম নুরুন্নবী শাহ, সহকারী পরিচালক ডা: মেজবাহ উদ্দিন আহমদ, সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক ডা: সরোয়ার হোসেন, সহকারী অধ্যাপক ডা: সাদেকুল ইসলাম, ড্যাব কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ডাঃ এম আর হাসান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের আজহারুল ইসলাম হামীম, মো:আমান উল্লাহ, অপু দেবনাথ প্রমুখ।
উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনটি শহীদ মীর মুগ্ধের পিতার চিকিৎসা প্রক্রিয়ার বিভিন্ন ধাপে সার্বিক সহযোগিতা প্রদান করছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন