ফুটবল বিশ্বকাপের পর্দা উঠতে বাকি মাত্র আড়াই মাস। ঠিক এমন সময়ে বড়সড় এক পরিবর্তনের ঘোষণা দিয়ে ফুটবল বিশ্বে চমক সৃষ্টি করল ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ)। সোমবার স্টুটগার্টে প্রীতি ম্যাচে জার্মানির কাছে ২-১ গোলে হারের কয়েক ঘণ্টা পরই কোচ অটো আদ্দোকে বরখাস্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
বিশ্বকাপ শেষ প্রস্তুতির অংশ হিসেবে ইউরোপ সফরে গিয়ে চরম হতাশাজনক পারফরম্যান্স দেখায় ‘ব্ল্যাক স্টার’রা। গত বৃহস্পতিবার অস্ট্রিয়ার কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর জার্মানির বিপক্ষেও হার এড়াতে পারেনি তারা। অবশ্য, চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ৮৮ মিনিট পর্যন্ত ১-১ গোলে সমতা ধরে রাখে ঘানা। তবে শেষ মুহূর্তের গোলে হার নিশ্চিত হতেই আদ্দোর চাকরি হারানোর বিষয়টি স্রেফ সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। এর আগে গত বছরের নভেম্বরে এশিয়ান প্রতিপক্ষ জাপান ও দক্ষিণ কোরিয়ার কাছেও হার দেখে ঘানা। টানা চার হারের এই বৃত্তই মূলত ৫০ বছর বয়সী আদ্দোর বিদায় নিশ্চিত করেছে। জিএফএ আনুষ্ঠানিক বিবৃতিতে বলে, ‘দলের জন্য অবদান রাখায় আমরা আন্তরিকভাবে অটো আদ্দোকে ধন্যবাদ জানাই এবং তার ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা। ব্ল্যাক স্টারসের নতুন টেকনিক্যাল পরিকল্পনা বা দিকনির্দেশনা যথাসময়ে জানানো হবে।’
২০২৪-এর মার্চে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর আদ্দোর অধীনে ২২ ম্যাচের মাত্র ৮টিতে জয়ের মুখ দেখে ঘানা। তার কোচিংয়েই দেশটি এবারের আফ্রিকান কাপ অব ন্যাশনসে (অ্যাফকন) কোয়ালিফাই করতে ব্যর্থ হয়। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপেও ঘানার ডাগআউটে ছিলেন তিনি। ঘানার খেলোয়াড় ও কোচ হিসেবে উভয় ভূমিকায় বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করার বিরল কৃতিত্ব কিন্তু তারই!
পঞ্চমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেয়া ঘানা রয়েছে গ্রুপ ‘এল’-এ। সেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও পানামা। আগামী ১৭ই জুন টরন্টোতে পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ঘানা। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের স্রেফ ৭২ দিন আগে যেখানে অন্য দলগুলো শেষ ঝালাই করছে, সেখানে নতুন কোচ নিয়োগ দিয়ে দলকে গুছিয়ে তোলা হিমালয়সম এক চ্যালেঞ্জ। অন্তিম মুহূর্তে ঘানা সবকিছু কীভাবে সামাল দেয়, সেটিই এখন দেখার বিষয়।
