ল্যাথামের নেতৃত্বে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড

ল্যাথামের নেতৃত্বে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড

ফন্ট সাইজ:

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এবং পাকিস্তান সুপার লীগের (পিএসএল) ডামাডোলে মূল তারকাদের অনেককে ছাড়াই বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনারের অনুপস্থিতিতে আসন্ন সাদা বলের সিরিজে কিউইদের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ টম ল্যাথাম। সোমবার বাংলাদেশ সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ল্যাথাম খুব একটা নিয়মিত মুখ না হলেও, দলের প্রয়োজনে এর আগেও ১৩টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে ব্যস্ত থাকছেন মূল অধিনায়ক স্যান্টনার। ২০২১-এ বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি সিরিজেও অধিনায়কত্ব করেন ল্যাথাম। এবারের সফর দিয়ে প্রত্যাবর্তন ঘটছে তিন পেসার ম্যাট ফিশার, উইল ওরোক এবং ব্লেয়ার টিকনারের। পিঠের চোট কাটিয়ে ওয়ানডে দলে ফিরেছেন ও’রোক, এবং শিন ইনজুরি (পায়ের হাড়ের নিচের অংশ) থেকে সেরে উঠে টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন ফিশার। অন্যদিকে, গোড়ালির চোট জয় করা টিকনার ডাক পেয়েছেন দুই সংস্করণেই। দলে অভিজ্ঞদের ফেরাতে পেরে বেশ উচ্ছ্বস প্রকাশ করে কিউইদের প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, ‘উইল, ব্লেয়ার এবং ম্যাট গত কয়েক মাস ধরে মাঠে ফেরার জন্য কঠোর পরিশ্রম করেছে। আধুনিক ক্রিকেটের ব্যস্ত সূচিতে আমাদের বোলিং শক্তির গভীরতা থাকাটা জরুরি। তাদের মতো মানসম্পন্ন খেলোয়াড়দের ফিরে পাওয়া দলের জন্য দারুণ খবর।’

ঘরোয়া ফোর্ড ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করা স্পিনিং অলরাউন্ডার ডিন ফক্সক্রফট প্রায় দুই বছর পর দলে ফিরেছেন। একইসঙ্গে, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক এবং জেইডেন লেনক্সের মতো তরুণদের ওপর আস্থা রাখছে কিউই নির্বাচকরা। বিশেষ করে, ক্লার্কের অন্তর্ভুক্তি নিয়েই আলোচনা বেশি হচ্ছে, যিনি গত জানুয়ারিতে ভারতের বিপক্ষে সিরিজে কোহলি-রোহিতের উইকেট নিয়ে শিরোনামে আসেন। ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজটিতে ৩ ম্যাচে ৭ উইকেট নেন ক্লার্ক।

সব ঠিকঠাক থাকলে আগামী ১৩ই এপ্রিল বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড দল। মিরপুরে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ ও ২০শে এপ্রিল। শেষ ম্যাচ চট্টগ্রামে ২৩শে এপ্রিল। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হবে চট্টগ্রামেই, ২৭ ও ২৯শে এপ্রিল। ২রা মে শেষ ম্যাচ খেলতে মিরপুরে ফিরবে দু’দল।

বাংলাদেশের জন্য আসন্ন সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান র‍্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করতে পারলে টাইগারদের জন্য আগামী বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের পথ সুগম হবে।

নিউজিল্যান্ডের ওয়ানডে দল: টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেইডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ওরোক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল: টম ল্যাথাম (অধিনায়ক), কাটেনে ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেইডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি ও ব্লেয়ার টিকনার।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন