রাজা দায় নিলেও ১০ লাখ রুপি জরিমানা শাহিনকে

রাজা দায় নিলেও ১০ লাখ রুপি জরিমানা শাহিনকে

ফন্ট সাইজ:

পাকিস্তান সুপার লীগের (পিএসএল) ১১তম আসরে মাঠের লড়াই ছাপিয়ে এখন আলোচনায় লাহোর কালান্দার্সের শৃঙ্খলা ভঙ্গের ঘটনা। টিম হোটেলে অননুমোদিত অতিথি প্রবেশ করানোর দায়ে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিকে ১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করেছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে ঘটনার দায় নিজের কাঁধে নিলেও, কোনো শাস্তির মুখে পড়তে হয়নি জিম্বাবুয়ান অলরাউন্ডার সিকান্দার রাজাকে।

পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসিরকে পাঠানো একটি চিঠি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্কের সৃষ্টি হয়। চিঠিতে অভিযোগ আনা হয়, পিসিবির নিরাপত্তা ও দুর্নীতি দমন ইউনিট এবং পুলিশের স্পষ্ট নিষেধাজ্ঞা সত্ত্বেও আফ্রিদি ও রাজা তাদের হোটেলের কক্ষে দর্শনার্থী নিয়ে যান। পুলিশি প্রতিবেদনে দাবি করা হয়, সেই চারজন অননুমোদিত ব্যক্তি প্রায় তিন ঘণ্টা ক্রিকেটারদের কক্ষে অবস্থান করেন। যদিও সিকান্দার রাজার দাবি, তারা কেবল ৪০ মিনিট সেখনে ছিলেন এবং তারা তার পুরোনো বন্ধু ও আত্মীয়।

এক সংবাদ সম্মেলনে সোমবার সিকান্দার রাজা ঘটনার সম্পূর্ণ দায় নিজের ঘাড়ে নেন। তিনি স্পষ্ট করে বলেন, ‘দোষ আমার, শাহিনের নয়। আমার অনুরোধেই সে নিচে আসে কারণ তারা আমার পরিবার ও বন্ধু।’ রাজাকে আড়াল করার চেষ্টা করলেও, লাহোর কালান্দার্স কর্তৃপক্ষ অধিনায়ক হিসেবে শাহিনকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে। ফ্র্যাঞ্চাইজিটি জানায়, ‘শৃঙ্খলা বজায় রাখতে এবং দৃষ্টান্ত স্থাপনের জন্য’ স্বেচ্ছায় ও স্বপ্রণোদিত হয়ে তারা আফ্রিদির ওপর এ জরিমানা আরোপ করেছে।

নিজেদের বিবৃতিতে কালান্দার্স এই ঘটনাকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে অভিহিত করলেও, নিরাপত্তা প্রটোকলের প্রতি পূর্ণ শ্রদ্ধার কথা জানিয়েছে। তারা আরও দাবি করেছ, বিষয়টি সংবাদমাধ্যমে অতিরঞ্জিত করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন