এবার সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার

ফন্ট সাইজ:

রাজধানীর শাহবাগ থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।
মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ৫ই আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। পরে একই বছরের ২৮শে আগস্ট সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যবেক্ষণে দেখা যায়, ওই বৈঠকে অংশগ্রহণকারীরা রাষ্ট্রকে অস্থিতিশীল করা এবং অন্তর্বর্তী সরকারকে উৎখাতের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য দেন এবং বিভিন্ন ষড়যন্ত্রে জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, নামীয় ১৬ জন আসামির পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জন ব্যক্তি ওই অনুষ্ঠানে অংশ নেন। গোয়েন্দা বিভাগের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ‘মঞ্চ ৭১’ এর ব্যানারে একত্রিত হয়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। প্রাথমিক তদন্তে সাংবাদিক শওকত মাহমুদের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্ত সংস্থা। অভিযোগ রয়েছে, তিনি তার অনুসারীদের নিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অপপ্রচারমূলক সভায় অংশ নেন।
এসব প্রেক্ষাপটে মামলার সুষ্ঠু তদন্ত ও বিচারপ্রক্রিয়া নিশ্চিত করতে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে আদালতে উল্লেখ করা হয়, যা বিবেচনায় নিয়ে আদালত নির্দেশনা দেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন