সরকারের গুরুত্বপূর্ণ বার্তা ও উন্নয়নমূলক কার্যক্রমের প্রচারণা আরও কার্যকর ও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে একটি কমিটি গঠনের আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। একই সঙ্গে শিগগিরই ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি নিয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেখানে আলোচনার ভিত্তিতে পরবর্তী কার্যক্রম নির্ধারণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। গতকাল সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারি নির্দেশনা, বার্তা, কনটেন্ট, বিজ্ঞাপন, অনুষ্ঠানসমূহ যথাযথভাবে প্রচার ও সম্প্রচারের নিমিত্তে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। সভায় নিউজপেপার্স ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি এবং দৈনিক মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ বিভিন্ন গণমাধ্যমের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।
সভায় সচিব মাহবুবা ফারজানা বলেন, সরকারের প্রায়োরিটি বিষয়গুলো, বিভিন্ন প্রচার-প্রচারণাগুলো স্মুথলি যেতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে টেলিভিশন মালিকসহ ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সবাই সরকারকে সহায়তা করার জন্য আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, সরকারি বিজ্ঞাপন ও প্রচারণা কার্যক্রম পরিচালনায় একটি সমন্বিত মডেল তৈরি করা প্রয়োজন, যাতে স্বল্প ব্যয়ে সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিত করা যায়। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দেয়া হয়েছে। কমিটিতে সংবাদপত্র, টেলিভিশনসহ সংশ্লিষ্ট খাতের অভিজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার বিষয়েও মতামত উঠে আসে। তিনি আরও বলেন, সরকারের অগ্রাধিকারমূলক বার্তা জনগণের কাছে সহজ ও সঠিকভাবে পৌঁছে দিতে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সরকারি প্রচারণা কার্যক্রম সমন্বয় জোরদারে কমিটি গঠনে আলোচনা
স্টাফ রিপোর্টার
৩১ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
