বিসিবি সভাপতিকে কোয়াবের চিঠি

অচল লীগ, বিপন্ন ক্রিকেটাররা

বিসিবি সভাপতিকে কোয়াবের চিঠি

ফন্ট সাইজ:

দেশের ঘরোয়া ক্রিকেটের বর্তমান অচলাবস্থা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে ক্রিকেটারদের সংগঠন বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (কোয়াব)। গতকাল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও সিসিডিএম চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে এই গভীর হতাশা জানিয়েছে ক্রিকেটারদের অধিকার নিয়ে কাজ করা অভিভাবক সংগঠনটি। চিঠিতে ঢাকার লীগ ক্রিকেটের বর্তমান স্থবিরতাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক হিসেবে অভিহিত করা হয়েছে। ক্রিকেট মৌসুমের শেষ ভাগ চললেও তৃতীয় বিভাগ ক্রিকেট লীগ শুরুর কোনো তোড়জোড় এখনো দেখা যাচ্ছে না। দ্বিতীয় বিভাগ লীগেও উল্লেখযোগ্যসংখ্যক ক্লাব অংশ নেয়নি। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো ঢাকা প্রিমিয়ার লীগ শুরু হওয়া নিয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বা আলোচনা এখনো দৃশ্যমান হয়নি। কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, দেশের ক্রিকেট ও ক্রিকেটারদের জন্য এই লীগগুলোর গুরুত্ব অপরিসীম। অথচ বর্তমানে বোর্ড থেকে কোনো ইতিবাচক সাড়া মিলছে না। লীগ নিয়ে এই অনিশ্চয়তার ফলে মাঠের ক্রিকেটাররা চরম দুর্ভাবনার মধ্যে দিন কাটাচ্ছেন। লীগ শুরুর অপেক্ষায় প্রহর গুনছেন অসহায় খেলোয়াড়রা। অনেকের কাছে ক্রিকেটই একমাত্র জীবিকা। লীগ না হওয়ায় তারা বিপাকে।

আর্থিক অনটন ও চরম অনিশ্চয়তায় ক্রিকেটাররা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে বর্তমানে দুঃসহ দিনাতিপাত করছেন। সাবেক ক্রিকেটার হিসেবে বিসিবি সভাপতি আমিনুলের প্রতি ক্রিকেটারদের এই অসহায়ত্ব উপলব্ধি করার বিশেষ অনুরোধ জানানো হয়েছে। সংগঠনটি মনে করে, লীগগুলো দেশের ক্রিকেট কাঠামোর মূল ভিত্তি। দীর্ঘ সময় ধরে খেলা বন্ধ থাকায় তৃণমূল পর্যায়ের কয়েক হাজার খেলোয়াড়ের ক্যারিয়ার এখন কঠিন হুমকির মুখে পড়েছে। বঞ্চিত ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে বোর্ডের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকায় সংশ্লিষ্টদের মাঝে ক্ষোভ বাড়ছে। বর্তমান সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ না নিলে ঘরোয়া ক্রিকেটের ভবিষ্যৎ অন্ধকার হতে পারে বলে তারা আশঙ্কা করছে। বিসিবির দ্রুত হস্তক্ষেপই কেবল এই সমস্যা থেকে উত্তরণ ঘটাতে সক্ষম হবে। মাঠ ফিরুক দ্রুত।

Riaz

২ মাস আগে

আমাদের পার্শবর্তী দেশ ভারতে কী এই ধরণের কোনো সংগঠন আছে?
খূব জানতে ইস্সা করে।

মন্তব্য করুন