ইতিহাস গড়ার ম্যাচে ফাইট করার আশা বাংলাদেশের

ইতিহাস গড়ার ম্যাচে ফাইট করার আশা বাংলাদেশের

ফন্ট সাইজ:

রাত পোহালেই নতুন ইতিহাস গড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। প্রথমবারের মতো তারা খেলতে নামবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মঞ্চে। আর নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে লড়াই করার আশা অধিনায়ক আফঈদা খন্দকারের।

থাইল্যান্ডে আগামীকাল শুরু হবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের দ্বাদশ সংস্করণ। আগের ১১ আসরে ছিল না বাংলাদেশ। থাম্মাসাত স্টেডিয়ামে উদ্বোধনী দিনে স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মিশন। স্বাগতিক হিসেবে প্রায় সাত বছর পর বয়সভিত্তিক এই এশিয়ান কাপে ফিরেছে থাইল্যান্ড। ২০০৪ সালের আসরে চতুর্থ হওয়া এই টুর্নামেন্টে তাদের সর্বোচ্চ সাফল্য। এরপর আর কখনও গ্রুপ পর্ব পেরোতে পারেনি দলটি। তবে জাতীয় দলের র‌্যাঙ্কিং বিবেচনায় বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে থাইল্যান্ড। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৫২ নম্বরে থাই মেয়েরা। আর বাংলাদেশের অবস্থান ১১৩তম। তাই শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করতে চান অনূর্ধ্ব-২০ দলের অধিনায়ক আফঈদা খন্দকার।

আলপিন ট্রেনিং ক্যাম্পে গতকাল অনুশীলন শেষে আফঈদা বলেন, ‘আশা করি, থাইল্যান্ডের সঙ্গে ভালো ফাইটিং ম্যাচ হবে। সবার কাছে দোয়া চাই, সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন ভালো খেলতে পারি।’ টুর্নামেন্টটি সামনে রেখে গত ২০শে মার্চ থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশ। এরপর থেকে সেখানে নিবিড় অনুশীলন করছেন আফঈদা, সৌরভী আকন্দ প্রীতিরা। এরই মধ্যে ভারত ও জর্ডানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে তারা। সব মিলিয়ে গরমে কিছুটা সমস্যা হলেও, আগেভাগে থাইল্যান্ডে চলে যাওয়ায় মানিয়ে নিচ্ছেন জানিয়ে আফঈদা বলেন, ‘ট্রেনিং ভালো হয়েছে। একটা সমস্যা, অনেক গরম। গরমের সঙ্গে আমরা মানিয়ে নেয়ার চেষ্টা করছি।

যেহেতু অনেক দিন আগেই আমরা এখানে এসেছি, আগের থেকে অনেকটাই মানিয়ে নিয়েছি। সবাই মোটামুটি ভালোই আছে। যেহেতু আমরা দুটি প্রীতি ম্যাচ খেলেছি, এরপর রিকভারিও করেছি। ঘুরতেও গিয়েছি, সবার মন সতেজ আছে।’ অনুশীলন নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ওয়ার্ম-আপ করেছি, পাসিং ড্রিল করেছি। তারপর ম্যাচ সম্পর্কিত কিছু স্লাইড দেখিয়েছেন স্যার। যেহেতু থাইল্যান্ডের সঙ্গে খেলা, সেই পরিকল্পনা অনুযায়ী আমাদের এগোতে হবে। তো আমরা সেভাবেই এগোচ্ছি।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন