ক্রীড়াঙ্গনের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় খেলোয়াড়দের সরকারি বেতন কাঠামোর আওতায় আনা হয়েছে। সাফ ফুটসালে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হিসেবে বেতন কাঠামোর আওতায় এসেছেন সাবিনা খাতুন। এই সাবিনা খাতুনের হাত ধরে বাংলাদেশ দুই বার সাফ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল ক্রীড়াঙ্গনের ঐতিহাসিক মুহূর্তের অনুষ্ঠানে সাবিনা তার অনুভূতি প্রকাশ করেন। একটি স্ক্রিপ্ট নিয়ে তিনি বক্তৃতা দিতে যান। তখন প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে স্ক্রিপ্ট না দেখে নিজ থেকেই অনুভূতি প্রকাশ করতে বলেন।
এরপর সাবিনা নিজের মতো করেই কথা বলেন। অনুভূতি প্রকাশের এক পর্যায়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছে মাঠের দাবি করে সাবিনা বলেন, ‘অনেক স্পোর্টস অনেক এগিয়ে যাচ্ছে। ফুটসাল প্রথমবার খেলতে গিয়েছিলাম, আমরা ভালো ফলাফল করেছি। বাংলাদেশে ভালো ফুটসাল গ্রাউন্ড নাই, আমাদের জন্য মাঠের ব্যবস্থা করেন।’ সাবিনার এই দাবির পরই প্রধানমন্ত্রী ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আলাপ করেন। অধিনায়কের বক্তব্য শেষ হতেই তারেক রহমান বলেন, ‘সাবিনা, সাবিনা তোমার যে মাঠের দাবিটা, এটা আমরা প্রক্রিয়া শুরু করেছি। মোটামুটিভাবে শেষ হয়ে আসছে কাজটা। মেয়েরা যেন প্র্যাকটিস করতে পারে, খেলতে পারে সেটা মাঠ মোটামুটি সিলেকশন হয়েছে। অলমোস্ট ডান।’
