নির্বাচনের প্রাথমিক ফলাফলে কিছুটা আভাস মিললেও চূড়ান্ত ফল না আসা পর্যন্ত কোনো মন্তব্য করা সমীচীন নয় বলে জানিয়েছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সারাদেশে নির্বাচনের ফলাফল আসতে শুরু করেছে। তবে এ মুহূর্তে আগাম কোনো মন্তব্য করা ঠিক হবে না। প্রাথমিকভাবে যে ফলাফল পাওয়া যাচ্ছে, তাতে কিছুটা ইঙ্গিত মিললেও তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। চূড়ান্ত ফলাফলের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করা প্রয়োজন। তিনি দাবি করেন, এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে তাদের ১১ দলীয় জোটের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
এবারের নির্বাচনের কয়েকটি বিশেষ দিক তুলে ধরে তিনি বলেন, প্রবাসীরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন, যা একটি ইতিবাচক উদ্যোগ। প্রবাসীরা দেশের অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও অনেক ক্ষেত্রে তারা তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন। তারা দেশকে হৃদয়ে ধারণ করেন, কিন্তু রাষ্ট্র যদি যথাযথ প্রতিদান দিতে না পারে, তবে ভবিষ্যতে তাদের অবদান ক্ষতিগ্রস্ত হতে পারে। তিনি আরও বলেন, এবারের নির্বাচনে প্রবাসীরা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। সুযোগ পেলে তাদের জন্য আরও সুবিধাজনক ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

A R Sarker
৫ মাস আগেসঠিক বলেছেন।