বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে যেন মধুর সমস্যায় পড়তে যাচ্ছে ফ্রান্স। রোববার বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতিতে ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে শুরুর একাদশের ১১ জনই পরিবর্তন করেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। আগের ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল ফরাসিরা। ওই ম্যাচের একাদশের কাউকে দেখা যায়নি কলম্বিয়ার বিপক্ষে শুরুর একাদশে। আর সেলেসাওদের বিপক্ষে ম্যাচের চেয়ে যেন দুর্দান্ত খেললো সেই বেঞ্চের দল, কলম্বিয়ার বিপক্ষে জয় তুলে নিলো ৩-১ গোলে। ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে টানা দুই জয়ে রিজার্ভ বেঞ্চের শক্তি স্পষ্ট হয়েছে ফ্রান্সের। প্যারিস সেইন্ট জার্মেইয়ের( পিএসজি) তরুণ তুর্কি দেজিরে দুয়ে জোড়া গোল করে এদিনের ম্যাচের নায়ক। ফ্রান্সের জার্সিতে এ ম্যাচেই গোলের খাতা খোলেন তিনি। অন্য গোলটি করেন ইন্টার মিলান ফরোয়ার্ড মার্কাস থুরাম। ম্যাচ শেষে উচ্ছ্বসিত দুয়ে বলেন, ‘জাতীয় দলের হয়ে প্রথম গোল পাওয়া আমার জন্য গর্বের মুহূর্ত। আমরা আগ্রাসী খেলেছি এবং জয়টা আমাদের প্রাপ্য ছিল।’ ম্যাচশেষে ইতিবাচক সুর শোনা যায় দেশমের কণ্ঠেও। দুই শক্তিশালী দক্ষিণ আমেরিকান প্রতিপক্ষের বিপক্ষে দলের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘দুটি অত্যন্ত শক্তিশালী দক্ষিণ আমেরিকান দলের (ব্রাজিল ও কলম্বিয়া) বিপক্ষে আমাদের এই স্পোর্টিং অ্যাসেসমেন্ট খুবই ইতিবাচক। আমরা অনেক খেলোয়াড়কে সুযোগ দিয়েছি... এবং এটি স্পষ্ট যে দলে গুণগত মানের কোনো অভাব নেই।’
ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ফুটবল উপহার দেয় ফ্রান্স। ২০ বছর বয়সী উইঙ্গার দুয়ে জাতীয় দলের জার্সিতে নিজের গোলের খাতা খোলেন ২৯তম মিনিটে। বিরতির আগে মোনাকোর প্লে-মেকার মাগনেস আকলিউশের ক্রস থেকে দর্শনীয় এক হেডে ব্যবধান দ্বিগুণ করেন লিলিয়ান থুরামপুত্র মার্কাস থুরাম। বিরতির পর মাঠে ৫৬তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের শেষ গোলটি করেন দুয়ে। কলম্বিয়ার হয়ে একমাত্র গোলটি শোধ করেন জামিনটন ক্যাম্পাজ। এদিন দলের হয়ে নিষ্প্রভ থাকা দুই তারকা ফুটবলার হামেস রদ্রিগেজ ও লুইস দিয়াসকে দ্বিতীয়ার্ধে তুলে নেন কলম্বিয়া কোচ।
চোট থেকে ফেরা নিয়মিত অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকেও এদিন শুরুর একাদশে রাখেননি দেশম। বিরতির পর বদলি হিসেবে মাঠে নামলেও জালের দেখা পাননি এ রিয়াল মাদ্রিদ তারকা। ফ্রান্সের সর্বকালের সেরা গোলদাতা হওয়ার রেকর্ড থেকে স্রেফ ১ গোল দূরে এমবাপ্পে। ১৩৭ ম্যাচে ৫৭ গোল করে চূড়ায় অলিভিয়ের জিরু।
সব ঠিক থাকলে সে তুলনায় অনেক দ্রুতই শীর্ষে উঠে যাবেন এমবাপ্পে (৯৫)।
অভিজ্ঞ ও তরুণদের দারুণ সংমিশ্রণে ফ্রান্স এখন এতটাই ভারসাম্যপূর্ণ দল, যে চূড়ান্ত দলে কাকে রেখে কাকে বাদ দেবেন, তা নিয়ে দেশম নিশ্চিতভাবেই এক ‘মধুর সমস্যায়’ পড়তে যাচ্ছেন। বিশ্বকাপে আগামী ১৬ই জুন গ্রুপ ‘আই’-এ নিজেদের প্রথম ম্যাচে সেনেগালের বিপক্ষে খেলবে ফ্রান্স।
বিশ্বকাপের আগে ‘মধুর সমস্যায়’ ফ্রান্স কোচ
স্পোর্টস ডেস্ক
৩১ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
