রাজধানীর ঐতিহ্যবাহী তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় বর্ণাঢ্য আয়োজনে ৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত ১১১ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডক্টর মাওলানা খলিলুর রহমান মাদানী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুফাসসির মাওলানা জাকির হোসাইন শেখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ হাবিবুর রহমান।
প্রধান অতিথি এ বছর বিপুল সংখ্যক শিক্ষার্থী বৃত্তি অর্জন করে বোর্ডে সেরা হওয়ায় মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষক এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, তা’মীরুল মিল্লাতের ঐতিহ্য ধরে রেখে ভবিষ্যতে আরও উন্নত ফলাফল অর্জনে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। পাশাপাশি তিনি আগামীর বাংলাদেশ বিনির্মাণে দক্ষ নেতৃত্ব ও মানবসম্পদ গঠনে মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী ও কার্যকর করে তোলার ওপর গুরুত্বারোপ করেন। নৈতিক ও আদর্শিক শিক্ষার প্রসারে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানান প্রধান অতিথি।
সভাপতির বক্তব্যে ড.খলিলুর রহমান মাদানী বলেন, তা’মীরুল মিল্লাতের শিক্ষকগণ কেবল পেশাগত দায়িত্ব পালন করেন না; বরং নৈতিকতা ও আদর্শে সমৃদ্ধ মানবসম্পদ গঠনে নিজেদের ঈমানী দায়িত্ব হিসেবে শিক্ষাদান করে থাকেন। শিক্ষার্থীদের সার্বিক বিকাশে নিবিড় পরিচর্যা এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্নের বিষয়টিও তিনি উল্লেখ করেন।
