রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত দেলোয়ার হোসেন হত্যা মামলায় গ্রেপ্তারকৃত সাবেক লে. কর্নেল (বরখাস্ত) মোঃ আফজাল নাছেরের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন।
রিমান্ড আবেদনে বলা হয়, মামলার অন্যান্য অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ঘটনার পূর্ণাঙ্গ রহস্য উদঘাটনের জন্য আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে অবস্থান করছিলেন দেলোয়ার হোসেন। এ সময় আসামিসহ কয়েকজন সশস্ত্র ব্যক্তি আন্দোলনকারীদের ওপর গুলি চালায়। এতে দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। প্রথমে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেয়া হয় এবং পরে অবস্থার অবনতি হলে রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই সকালে তার মৃত্যু হয়।
এর আগে রোববার (৩০ মার্চ) ভোর ১২টা ৩৫ মিনিটে পল্লবী থানার ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে।
