রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত দেলোয়ার হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার ডিজিএফআই-এর সাবেক পরিচালক মো. আফজাল নাছেরকে ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেছে পুলিশ। সোমবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করা হয়। এ বিষয়ে আজ শুনানি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর।
পুলিশ জানায়, আজ ভোরে রাজধানীর পল্লবীর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে অবস্থান করছিলেন অভিযুক্ত দেলোয়ার হোসেন। এ সময় আসামিসহ বিপুল সংখ্যক সশস্ত্র ব্যক্তি আন্দোলনকারীদের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। এতে দেলোয়ার গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এবং অবস্থার অবনতি হলে রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই সকালে তার মৃত্যু হয়।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ঘটনার পূর্ণাঙ্গ রহস্য উদঘাটনের স্বার্থে আসামির নিবিড় জিজ্ঞাসাবাদ জরুরি।
