অ্যাফকন শিরোপা বিতর্কের মধ্যেই পদত্যাগ করলেন কনফেডারেশন মহাসচিব

অ্যাফকন শিরোপা বিতর্কের মধ্যেই পদত্যাগ করলেন কনফেডারেশন মহাসচিব

ফন্ট সাইজ:

আফ্রিকান ফুটবল সমুদ্রে একের পর এক উত্তাল ঢেউ আছড়ে পড়ছে। সেনেগালের থেকে আফ্রিকান কাপ অব ন্যাশনসের (অ্যাফকন) ট্রফি কেড়ে মরক্কোকে দেয়ার সিদ্ধান্তের পর থেকে সমালোচনায় জর্জরিত কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ)। ঘটনা যখন আন্তর্জাতিক ক্রীড়া আদালত পর্যন্ত গড়িয়েছে, তখন রোববার পদত্যাগের ঘোষণা দিলেন সিএএফ মহাসচিব ভেরন মোসেঙ্গো-ওমবা।

সংস্থার বাধ্যতামূলক অবসরের বয়স (৬৩ বছর) পেরিয়ে ৬৬ বছর বয়সেও চেয়ার না ছাড়ায় দীর্ঘদিন ধরেই সমালোচনার কেন্দ্রে ছিলেন মোসেঙ্গা-ওমবা। অবশেষে এক বিবৃতিতে নিজের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান এই সুইশ-কঙ্গোলিজ কর্মকর্তা। বিবৃতিতে তার দাবি, একটি সমৃদ্ধ সিএএফ রেখে যাচ্ছেন। মোসাঙ্গো-ওমবার ভাষায়, ‘আন্তর্জাতিক অঙ্গনে ৩০ বছরের বেশি সময় ধরে মানুষকে ঐক্যবদ্ধ করা, শিক্ষা দেয়া এবং প্রত্যাশার নতুন দ্বার খোলার পর আমি সিএএফ মহাসচিবের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এখন ব্যক্তিগত উদ্যোগে মনোযোগ দিতে চাই।’

মোসেঙ্গো-ওমবা এমন সময় বিদায় জানালেন, যখন সিএএফের নেতৃত্বে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে। তার বিরুদ্ধে কর্মক্ষেত্রে ‘বিষাক্ত পরিবেশ’ তৈরির অভিযোগ তোলেন খোদ সংস্থার কর্মীরাই। যদিও অভ্যন্তরীণ তদন্তে তিনি অব্যাহতি পেয়েছেন। তবে ফুটবল মহলে তার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েই গেছে। সেসব নিয়ে তিনি আরও বলেন, ‘কিছু মানুষ আমার ওপর সন্দেহ চাপিয়ে দেয়ার আপ্রাণ চেষ্টা করেছিল, যা আমি দূর করতে সক্ষম হয়েছি। এখন আমি প্রশান্ত হৃদয়ে এবং কোনো বাধ্যবাধকতা ছাড়াই অবসর নিচ্ছি।’ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত মোসেঙ্গো-ওমবা। বর্তমানে তিনি নিজ দেশ কঙ্গোর ফুটবল ফেডারেশন নির্বাচনে অংশ নিতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

এই পদত্যাগের সমান্তরালে আফ্রিকান ফুটবলে এখন বড় ইস্যু সেনেগালের শিরোপা কেড়ে নেয়া। গত জানুয়ারিতে মরক্কোকে (১-০) হারিয়ে চ্যাম্পিয়ন হয় সেনেগাল। তবে ম্যাচের এক পর্যায়ে রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মাঠ ছাড়ার কারণে তাদের শিরোপা কেড়ে নিয়ে মরক্কোকে (৩-০) জয়ী ঘোষণা করে সিএএফ। এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস) বা আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছে সেনেগাল।

কায়রোতে নির্বাহী কমিটির বৈঠক শেষে সিএএফ সভাপতি প্যাট্রিস মোতসেপে জানান, আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত তিনি মাথা পেতে নেবেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন