বল টেম্পারিং কাণ্ডে নিষেধাজ্ঞার মুখে ফখর জামান

পিএসএল

বল টেম্পারিং কাণ্ডে নিষেধাজ্ঞার মুখে ফখর জামান

ফন্ট সাইজ:

পাকিস্তান সুপার লীগে (পিএসএল) বল টেম্পারিংয়ের চাঞ্চল্যকর ঘটনায় আলোচনা চলমান। রোববার করাচি কিংসের বিপক্ষে বলের আকৃতি বিকৃত করার অভিযোগে এসেছে লাহোর কালান্দার্স ব্যাটার ফখর জামানের ওপর। এ ঘটনায় ম্যাচে মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমনের দল লাহোরকে ৫ রান পেনাল্টি দেয়া হয়। জানা যায়, ঘটনার মূল অভিযুক্ত ফখর বল টেম্পারিংয়ের দায়ে নিষিদ্ধ হতে পারেন।

গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১২৮ রান তোলে লাহোর। লক্ষ্য তাড়ায় ৩ বল ও ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় করাচি। নাটকীয় ঘটনাটি মঞ্চস্থ হয় করাচি কিংসের ইনিংসের শেষ ওভারে। জয়ের জন্য ডেভিড ওয়ার্নারের দলের প্রয়োজন ছিল ১৪ রান। ওভার শুরুর আগে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান ও বোলার হারিস রউফকে বল হাতে নিয়ে জটলা বেধে আলোচনা করতে দেখা যায়। সন্দেহের বশে আম্পায়ার ফয়সাল আফ্রিদি ও শরফুদ্দৌলা ইবনে শহীদ বলটি পরীক্ষা করেন। টেম্পারিংয়ের প্রমাণ পেলে তখন লাহোরকে ৫ রান জরিমানা করা হয় এবং বলটি পরিবর্তন করা হয়। ফলে করাচির লক্ষ্য নেমে আসে ৯ রানে। রউফের সেই ওভারে ৩ বল খেলেই জয় তুলে নেয় করাচি। এ ঘটনায় নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছেন ফখর। পিসিবির নিয়মানুযায়ী, লেভেল-৩ অপরাধের দায়ে সর্বনিম্ন এক থেকে সর্বোচ্চ দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন তিনি। এক বিবৃতিতে পিসিবি জানায়, ম্যাচ রেফারি রোশন মাহানামা দু’দিনের মধ্যে এ বিষয়ে শুনানি করবেন এবং ফখর অভিযোগের বিরুদ্ধে লড়বেন।

এ ঘটনায় পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের মধ্যে সমালোচনার ঝড় বইছে। এআরওয়াই নিউজের এক টকশোতে বাসিত আলী সরাসরি বলেন, ‘ফখর জামান শেষ। যেহেতু প্রমাণ সামনে এসেছে, বড় শাস্তির সম্ভাবনা প্রবল।’ এদিকে তার সঙ্গে থাকা কামরান আকমল আঙুল তোলেন অধিনায়ক ও বোলারের দিকেও, ‘শুধু ফখর জামানই নয়, এই বল টেম্পারিংয়ের জন্য অধিনায়ক শাহিন এবং হারিস রউফও দায়ী। তারাও নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন।’

একই ম্যাচে উইকেট উদযাপনে অশোভন আচরণের জন্য করাচির হাসান আলীকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন