শরণখোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১২

শরণখোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১২

ফন্ট সাইজ:

বাগেরহাটের শরণখোলা সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র এলাকায় বিএনপি ও জামায়াতের দুই পক্ষের ভোটার ও কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের দুই নারীসহ ১২ জন আহত হয়েছেন। আহতদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চার জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের ৩৪ নম্বর সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র সংলগ্ন এলাকার হাবিব মাস্টারের বাড়ির সামনে এই সংর্ঘষের ঘটনা ঘটে।


হামলায় আহতরা হলেন- সোনাতলা গ্রামের জামায়াত সমর্থিত সাব্বির (২৪), আরিফ (২৩), তরিকুল (২৮), হাফিজুর (৩২), সাইফুল (২৭), সোবাহান (৩০), ফরিদা বেগম (৪০), এবং বিএনপি সমর্থিত সিদ্দিক (৪০), বাদল (২৯), রফিকুল (২৮), মিজান (৩২) ও ফারুক (৪৮)। এ ব্যাপারে উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম কবির বলেন, আমাদের ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট প্রদানের উদ্দেশ্যে কেন্দ্রে রওনা হন। তারা সোনাতলা গ্রামের হাবিব মাস্টারের বাড়ির সামনে পৌঁছালে ভোট চাওয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তার দলের আট জন লোক আহত হয়। অপরদিকে উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন পঞ্চায়েত বলেন, ভোট দিতে যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের ভোটারদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে আমাদের দলের (বিএনপি) পাঁচজন আহত হয়েছেন। বিষয়টি নিয়ে উভয়পক্ষ বসে মীমাংসা করা হবে। শরণখোলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার প্রিয় গোপাল বিশ্বাস বলেন, আহতদের মধ্যে চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে এদের মধ্যে খুব গুরুতর জখম অবস্থায় কেউ নাই বলে তিনি নিশ্চিত করেন।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. সামিনুল হক বলেন, সোনাতলা কেন্দ্র থেকে আধা কিলোমিটার দূরত্বে বিএনপি-জামায়াতের দুই পক্ষের ভোটারদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ সহ সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে। তবে কেন্দ্র থেকে দূরে হওয়ায় ভোট কেন্দ্রের উপর এর কোন প্রভাব পড়েনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন