এবারের ঈদযাত্রা অন্যবারের তুলনায় স্বস্তিদায়ক হয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রী বলছেন, ঈদযাত্রায় দুয়েকটি ‘অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা’ ঘটেছে। তবুও ঈদযাত্রা স্বস্তির হয়েছে। রোববার সচিবালয়ে সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে নিরাপত্তা জোরদারসহ ৭ এজেন্ডা নিয়ে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন সড়ক পরিবহন মন্ত্রী। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। মন্ত্রী বলেন, ঈদের জার্নি স্মুদ হয়েছে বলে আমি মনে করি। কারণ দেড় কোটি মানুষ তিনদিনের মধ্যে ঢাকা ছাড়তে চেয়েছে। বড় ধরনের দুই-একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে, সেটার জন্য আমরা দুঃখিত, মর্মাহত। আমরা মনে করছি, যেকোনো সময়ের চেয়ে এবার দেড় কোটি মানুষ নিরাপদে ও স্বস্তিতে বাড়ি ফিরেছে।
তিনি বলেন, এর আগে যানজট বলুন, মানুষের ঘণ্টার পর ঘণ্টা অথবা যানবাহনের অভাবে বাড়ি যেতে পারছে না, ঈদের দিনও রাস্তায় কেটেছে, এ রকমও ছিল। ঈদযাত্রায় এবার ৩০০ মৃত্যুর খবর সঠিক নয় জানিয়ে মন্ত্রী বলেন, নিহত নিয়ে যেটা বলেছেন, আমার মনে হয় যে আপনাদের পরিসংখ্যানটার সঙ্গে আমার দ্বিমত হবে। আমরা বিআরটিএ, রোডস অ্যান্ড হাইওয়ে অথরিটি সবকিছু মিলে আমরা তাৎক্ষণিকভাবে কোনো দুর্ঘটনা ঘটলে আমরা তথ্য উপাত্ত কালেক্ট করি।
জবাব সন্তোষজনক না হলে সৌহার্দ্য পরিবহনের সকল বাসের রেজিস্ট্রেশন বাতিল: দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রী নিয়ে পদ্মায় ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের ব্যাখ্যা সন্তোষজনক না হলে পরিবহনটির সকল বাসের রেজিস্ট্রেশন বা রুট পারমিট বাতিল করে দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী। তিনি বলেন, সন্তোষজনক ব্যাখ্যা না হলে শুধু ওই বাসটি না, ওই কোম্পানির সব বাসের রেজিস্ট্রেশন বা রুট পারমিট বাতিল হয়ে যাবে। যদি তাকে যে কারণ দর্শানো অথবা তার কাছে যে জবাব চাওয়া হয়েছে তার সন্তোষজনক উত্তর না হয়। সেই প্রক্রিয়ায় আমরা চলে গিয়েছি। দুর্ঘটনার জন্য দায়ী কারা- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দুর্ঘটনার জন্য কাউকে বিশেষভাবে দায়ী আমি করতে চাই না। তবে এর সঙ্গে যাদের প্রাথমিক পর্যায়ে সম্পৃক্ততা পাওয়া গেছে, তদন্ত কমিটি করে তো এগুলো দেখতে হচ্ছে, আর যাদের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে- তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছি, ডিপার্টমেন্টাল ব্যবস্থা, যে যেখানে আছে সেটা কিন্তু আমরা নিয়েছি।
এবারের ঈদযাত্রা আগের চেয়ে স্বস্তিদায়ক হয়েছে দাবি সড়ক মন্ত্রীর
স্টাফ রিপোর্টার
৩০ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
