সোনা জয়ী আরচারি দলকে বিমানবন্দরে সংবর্ধনা

সোনা জয়ী আরচারি দলকে বিমানবন্দরে সংবর্ধনা

ফন্ট সাইজ:

থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া কাপ আরচারির (স্টেজ-১) কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে গত শুক্রবার সোনার পদক জেতে বাংলাদেশ। সাফল্যের শিখরে ওঠা আরচারি দল গতকাল দেশে ফিরেছে। দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা জয়ী আরচারি দলকে সংবর্ধনা দিয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় সংসদে প্রশ্নউত্তর পর্ব থাকায় নিজে উপস্থিত থাকতে না পারায় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের পক্ষ থেকে বিমানবন্দরে দলকে ফুল দিয়ে বরণ করে নেন সচিব মো. মাহবুব-উল-আলম। এ সময় এশিয়া আরচারির সভাপতি কাজী রাজীব উদ্দিন চপলসহ অন্যরা উপস্থিত ছিলেন। যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, ‘এশিয়া কাপের মতো বড় আসরে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জয় করা আমাদের দেশের জন্য এক গৌরবময় অর্জন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের এই আরচারি দল ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য অর্জন করবে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকাকে আরো উঁচুতে তুলে ধরবে।’ শুক্রবার ফাইনালে ভিয়েতনামকে ২৩১-২২৫ স্কোরের ব্যবধানে হারায় হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদকে নিয়ে গড়া বাংলাদেশ দল। এতদিন আচারির আন্তর্জাতিক অঙ্গনে রিকার্ভ ইভেন্ট থেকেই স্বর্ণ জিতে আনতেন আরচাররা। এই প্রথমবার কম্পাউন্ডে সেই দক্ষতা দেখালেন লাল সবুজের তীরন্দাজরা। তাই এবার সামনে তাকানোর পালা। সম্প্রতি অলিম্পিক গেমসে রিকার্ভের পাশাপাশি কম্পাউন্ড ইভেন্টও যুক্ত হয়েছে। অলিম্পিকে চোখ রেখে এবার এশিয়ান গেমসে নিজেদের প্রমাণের পালা হিমু, রাকিব ও ঐশ্বর্য্যদের। তার আগে সেপ্টেম্বর ও অক্টোবরে জাপানে রয়েছে এশিয়ান গেমস। ওই গেমসেও পদক জেতার প্রত্যয় জানিয়ে কোচ মার্টিন ফ্রেডরিখ বলেন, ‘এশিয়ান গেমসেও আশা করি ছেলেরা পদক জিতে আনবে।’ ঢাকায় ফিরে নেওয়াজ আহমেদ রাকিব বলেন, ‘এবার আমরা সফল হয়েছি। সামনের দিনগুলোতে যেন আমরা এভাবেই সাফল্য কুড়িয়ে আনতে পারি সেই দোয়া করবেন সবাই। কোচেরা আমাদের পেছনে অনেক অবদান রেখেছে। এ জন্য তাদেরকে ধন্যবাদ।’ এশিয়া কাপ স্টেজ-১ এ আগেও খেলার অভিজ্ঞতা থাকলেও স্বর্ণপদক জয় এবারই প্রথম রাকিবের ক্যারিয়ারে। পদক জয়ের আরেক সারথী ঐশ্বর্য্য রহমান বলেন, ‘একটি লক্ষ্য পূরণ হয়েছে। এবার সামনে তাকানোর পালা। এশিয়ান গেমসেও আমরা পদক জিততে চাই।’ স্বর্ণজয়ী দলের আরেক তীরন্দাজ হিমু বাছাড় বলেন, ‘প্রথম স্বর্ণপদক জয়ের অনুভূতি অসাধরণ। এখন এশিয়ান গেমসে আমাদের প্রমাণের পালা। সেখানে পদক জিততে পারলে লস অ্যানজেলেস অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ পাবো আমরা।’ বিমান বন্দরে উষ্ণ অভ্যর্থনা পেলেও এবার সোনাজয়ীদের হাতে অর্থপুরস্কার তুলে দেয়ার পালা আরচারি ফেডারেশনের। এদিকে আজ ২০ ডিসিপ্লিনের ১২৯ জন ক্রীড়াবিদের হাতে মাসিক ভাতা ও ক্রীড়াকার্ড তুলে দেবন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই ভাতা ও ক্রীড়াকার্ড দেয়া হবে। এরমধ্যে আরচারিও রয়েছে। গত বছর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপের কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে হিমু বাছাড় ও বন্যা আক্তার রুপা এবং কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জ জিতেছিলেন কুলসুম আক্তার। সেই সাফল্যের স্বীকৃতি স্বরূপ তারা আজ প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেবেন

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন