ভিয়েতনামের কাছে প্রীতি ম্যাচে বাংলাদেশ হেরেছে ৩-০ গোলে। গোল তিনটি হয়েছে প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে অবশ্য ভিয়েতনামকে আটকে রাখে ঠিকই। সেই পারফরম্যান্স থেকে আত্মবিশ্বাস খুঁজছে দল। যে আত্মবিশ্বাস নিয়ে সিঙ্গাপুর ম্যাচে নামার কথা বলছেন শমিত সোম। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে ঘরের মাঠে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। যদিও তা প্রতিদ্বন্দ্বিতা ছড়িয়েছে বেশ। এবারও তেমন কিছু দেখাতে চান কানাডা প্রবাসী এই ফুটবলার। এখানে বাড়তি অনুপ্রেরণা হিসেবে দেখছেন প্রবাসী বাঙালীদের সমর্থন।
গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক ভিডিও বার্তায় শমিত সোম বলেন, ‘ভিয়েতনামের কাছে হারের পর আমাদের একটু মন খারাপ ছিল। এখানে দুই দিনের অনুশীলনে সেটা আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করেছি। ছেলেদের মধ্যে স্পিরিট ফিরে এসেছে। আশা করছি এখানে আমরা ভালো ফুটবল খেলতে পারবো। গতকাল অনুশীলন মাঠের চারদিকে ভিড় করে হাজার হাজার প্রবাসী দর্শক। মাঠের চারদিকে বসে হামজা-শমিতদের অনুশীলন দেখেন তারা। সিঙ্গাপুরে প্রবাসী দর্শকদের উন্মাদনাকেও বড় অনুপ্রেরণা মানছে দল। দর্শকদের নিরাশ করতে চান না তারা। শমিত সোম বলেন, ‘এতে আমরা মোটেও বিরক্ত হচ্ছি না। চাপও নিচ্ছি না। বরং ভালো লাগছে। প্রবাসেও তারা আমাদের সার্পোট করার জন্য কাজ ফেলে এখানে এসেছেন। তারা অনেক কষ্ট করে ম্যাচ দেখতেও আসবেন, টিকিটও নাকি পাওয়া যাচ্ছিল না, অনেক কষ্ট করে তারা টিকিট কেটেছেন। আমাদের চেষ্টা থাকবে আমরা তো এখানে অবশ্যই জেতার জন্য এসেছি।’ কার্ড সমস্যার কারণে এই ম্যাচে নেই অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। একই কারণে পাওয়া যাবে না পুরো বাছাই পর্বে দুর্দান্ত নৈপুণ্য দেখানো উইংগার রাকিব হোসেনকে। এদের মিস করবেন জানিয়ে শমিত বলেন, ‘অবশ্যই ওরা আমাদের গুরুত্বপূর্ণ সদস্য। রাকিব-তপুর সঙ্গে ইনজুরিতে আক্রান্ত মোহাম্মদ হৃদয় ও কাজেমশাহকে মিস করবো আমরা। আসলে ইনজুরিতে কারো হাত নেই। আমি, হামজাও ইনজুরিতে মিস করতে পারি। তবে যারা আছে তারাও ক্যাপাবল। মিরাজুল নতুন এসেছে ও ভালো করছে। আশা করছি সবাই যার যার যায়গা থেকে সেরাটা দিবে।’ বাছাই পেরিয়ে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে সিঙ্গাপুর। সেখানে ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে জিতলে গ্রুপ রানার্সআপ হিসেবে সুযোগ থাকবে বাছাইপর্ব শেষ করার। প্রবাসীদের সার্পোট ফুটবলারদের উজ্জীবিত করবে জানিয়ে দলের সহকারী ম্যানেজার হাসান আল মামুন বলেন, ‘যেভাবে প্রবাসীরা সমর্থন যোগাচ্ছেন তাতে আমাদের মনেই হচ্ছে না বিদেশের মাটিতে আমাদের খেলা। যেমন মনে হয়েছে হংকংয়েও। সেখানে কিন্তু আমরা ভালো করেছি। আমার বিশ্বাস সিঙ্গাপুর যেমন মানের দল হোক-না কেন, আমাদের দলের ফুটবলাররা যদি তাদের প্রোফাইল অনুযায়ী খেলতে পারেন তবে জিতেই দেশে ফিরতে পারবো।’ ভিয়েতনাম ম্যাচের ভুল-ত্রুটি নিয়ে কাজ করা হয়েছে কিনা জানতে চাইলে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমরা কিন্তু ওই ম্যাচে পরিকল্পনার খুব কাছে ছিলাম। তবে সেটপিসে গোল হজমের কারণে ম্যাচটি হেরেছি। এটা নিয়ে কাজ করছি আমরা।’
সমর্থকদের বাড়তি অনুপ্রেরণা হিসেবে দেখছে বাংলাদেশ
স্পোর্টস রিপোর্টার
৩০ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
