বিকেএসপিতে ক্যাম্প টাইগ্রেসদের

বিকেএসপিতে ক্যাম্প টাইগ্রেসদের

ফন্ট সাইজ:

আগামী মাসে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে সীমিত ওভারের সিরিজকে সামনে রেখে শনিবার থেকে বিকেএসপিতে কন্ডিশনিং ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ নারী দল। আগামী ৮ই এপ্রিল পর্যন্ত চলবে এই নিবিড় অনুশীলন। এই ক্যাম্পের মাধ্যমেই লঙ্কানদের বিপক্ষে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সিরিজের চূড়ান্ত দল গুছিয়ে নিতে চায় টিম ম্যানেজমেন্ট। আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্টিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজটি হতে যাচ্ছে টাইগ্রেসদের জন্য প্রস্তুতির বড় মঞ্চ। দীর্ঘ বিরতির পর শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন নিগার সুলতানা জ্যোতিরা। গেল বছরের অক্টোবরে আইসিসি ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে সবশেষ ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এরপর ঘরোয়া ক্রিকেট নিয়ে ব্যস্ত ছিলেন নারী ক্রিকেটাররা। শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে ম্যাচগুলো হবে রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান স্টেডিয়ামে। তিন ম্যাচ সিরিজের প্রথমটি হবে ২০শে এপ্রিল। এরপর ২২শে এপ্রিল ও ২৫শে এপ্রিল হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। তিনটি ম্যাচটি অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯টায়। এরপর টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেট যাবে মেয়েরা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ২৮শে এপ্রিল তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। একই মাঠে একদিন বিরতির পর ৩০শে এপ্রিল হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। তৃতীয় ম্যাচ হবে ২রা মে। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। জুন-জুলাইয়ে ইংল্যান্ডের মাটিতে বসতে যাচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। মেগা এই ইভেন্টের আগে শ্রীলঙ্কার বিপক্ষে এই ছয় ম্যাচের সাদা বলের সিরিজটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দিকটি মাথায় রেখে কোচিং স্টাফরা প্লেয়ারদের ফিটনেস, স্কিল ঝালাই এবং ম্যাচ সিমুলেশনের ওপর জোর দিচ্ছেন। সিরিজকে সামনে রেখে টিম ম্যানেজমেন্ট ক্রিকেটারদের ব্যাটিং-বোলিং কম্বিনেশন নিয়ে কাজ করছে। নির্বাচক ও কোচরা ক্যাম্পে খেলোয়াড়দের পারফরম্যান্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। বিশ্বকাপের আগে ভারসাম্যপূর্ণ একটি দল গড়তে টি-টোয়েন্টি সিরিজে বেশ কিছু পজিশনে পরীক্ষা-নিরীক্ষা করতে পারে টিম ম্যানেজমেন্ট।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন