থাইল্যান্ড ম্যাচের আগে আত্মবিশ্বাসী প্রীতিরা

থাইল্যান্ড ম্যাচের আগে আত্মবিশ্বাসী প্রীতিরা

ফন্ট সাইজ:

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল মঞ্চে নামার আগে আনুষ্ঠানিকভাবে প্রথমবার অনুশীলন সেশন করেছে বাংলাদেশের মেয়েরা। স্কোয়াডে থাকা সব ফুটবলারই
গতকাল অনুশীলনে ঘাম ঝরান। স্বাগতিকদের হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী তারা। ব্যাংককে নিবিড় অনুশীলন শেষে ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি বলেন, ‘দলের সবার আত্মবিশ্বাস এখন অনেক তুঙ্গে। ক্যাম্পের পরিবেশও দারুণ, আমি অনুশীলন বেশ উপভোগ করছি। থাইল্যান্ডের বিপক্ষে আমরা প্রথম ম্যাচ খেলবো। কোচ আমাদের ম্যাচ ফুটেজ দেখিয়ে সঠিক গেম প্ল্যান দেবেন এবং আমরা মাঠে সেটি বাস্তবায়ন করবো।’ মূলমঞ্চে মাঠে নামার আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করলেও জর্ডানের বিপক্ষে ২-০ গোলে জয় পায় লাল-সবুজ প্রতিনিধিরা। তবে জর্ডান ম্যাচে কোচের চোখে কিছু ভুল ধরা পড়েছিল। তা কাটিয়ে উঠতে কঠোর অনুশীলনে ঘাম
ঝরাচ্ছেন মেয়েরা। দুই ঘণ্টার অনুশীলন করেন। যেখানে ওয়ার্ম-আপ, ড্রিল এবং সেট-পিস নিয়ে বিশেষ গুরুত্ব দেন কোচিং স্টাফরা। জর্ডান ম্যাচের ভুল নিয়ে প্রীতি বলেন, ‘কিছু ভুল হওয়ায় আমরা হতাশ ছিলাম। তবে আমরা আমাদের ভুলগুলো চিহ্নিত করেছি এবং সেগুলো সংশোধনের জন্য কঠোর পরিশ্রম করছি।’
১লা এপ্রিল স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপের মিশন শুরু করবে বাংলাদেশ। এর আগে দলের সব সদস্য পুরোপুরি ফিট এবং লড়াইয়ের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ। তিনি বলেন, ‘আজ (গতকাল) সকাল থেকে আমরা পুনরায় আমাদের প্রস্তুতি শুরু করেছি এবং সেশনটি খুব ভালো হয়েছে। ছোটখাটো কিছু চোট ছাড়া বড় কোনো দুশ্চিন্তা নেই। সবাই অনুশীলনে যোগ দিয়েছে, যা আমাদের জন্য ইতিবাচক দিক।’ এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে বেশ কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে স্বাগতিক থাইল্যান্ড ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী চীন ও ভিয়েতনাম। ১লা এপ্রিল উদ্বোধনী দিনে থাইল্যান্ডের বিপক্ষে খেলার পর ৪ঠা এপ্রিল চীন এবং ৭ই এপ্রিল ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। তাদের বিপক্ষে ভালো পারফরম্যান্স দেখিয়ে টুর্নামেন্টের সেরা চারে থাকতে পারলে ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে লাল-সবুজ মেয়েরা। সেটি হলে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে খেলার স্বপ্ন পূরণ হবে বাংলাদেশের।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন