চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ । এই সফরে থাকছে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ। জাতীয় দলের আগে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। আগামী আগস্ট ও সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে তারা দুটি চারদিনের ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফিস। তিনি বলেন, ‘২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ‘এ’ দল সফর করবে। এক বছর আগে কিছু ক্রিকেটারকে কন্ডিশন সম্পর্কে ধারণা দেয়ার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। বিশ্বকাপের জন্য তারা যাতে ভালোভাবে প্রস্তুতি নিতে পারে। আমরা এ বছর দক্ষিণ আফ্রিকা যাবো, তারা পরের বছর বাংলাদেশে আসবে।’ কয়েক বছর ধরে সফরে গিয়ে জাতীয় দলের সিরিজের আগে ‘এ’ দল খেলছে। ২০২৪ সালে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের আগে পাকিস্তান শাহিনস দলের সঙ্গে চারদিনের ম্যাচ খেলেছিল ‘এ’ দল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ‘এ’ দলের হয়ে খেলেছিলেন মুশফিকুর রহীম ও মুমিনুল হক সৌরভ। এছাড়া জাতীয় দলের অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে গত দুই বছরে ডারউইনে টি-টোয়েন্টি প্রতিযোগিতার পাশাপাশি চার দিনের ম্যাচ খেলার সুযোগ পান আফিফ হোসেনরা। সফরটি হাই পারফরম্যান্স ইউনিট এবং ‘এ’ দলের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়। নভেম্বরে দুটি টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে টাইগাররা। জোহানেসবার্গে ১৫ই নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট হবে ২৩-২৭শে নভেম্বর। এ সিরিজটি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্টের পর ১, ৪ ও ৭ই ডিসেম্বর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং ১০-১৩ই ডিসেম্বর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
ওয়ানডে বিশ্বকাপ মাথায় রেখে দক্ষিণ আফ্রিকা সফর ‘এ’ দলের
স্পোর্টস রিপোর্টার
৩০ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
