‘প্রত্যেক শিল্পীর দায়িত্ব লোকগানের কথা ও সুর ঠিক রাখা’

‘প্রত্যেক শিল্পীর দায়িত্ব লোকগানের কথা ও সুর ঠিক রাখা’

ফন্ট সাইজ:

ক্লোজআপ ওয়ান তারকা নাসরিন আক্তার বিউটি। যিনি সংগীতের ভুবনে ‘লালনকন্যা’ নামে পরিচিত। নিজেকে খুঁজে পেয়েছেন লোকগানের মধ্যদিয়ে। ছোটবেলা থেকেই সংগীতময় পরিবেশে বেড়ে ওঠা এই শিল্পী তার বাবার হাত ধরেই গান শেখা শুরু করেন। নজরুলসংগীত দিয়ে যাত্রা শুরু হলেও সংগীতের সব শাখাতেই বিচরণ তার। বর্তমানে স্টেজ শো, টেলিভিশন লাইভ এবং নতুন গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বিউটি জানান, ঈদে তার তিনটি মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে। এ ছাড়াও নতুন দু’টি গানের কাজ চলছে। গ্রামে ঈদ করার কারণে ঈদে লাইভ শো করা হয়নি, তবে এখন নিয়মিত অনুষ্ঠান করছেন। ঈদের পর করেছেন স্টেজ প্রোগ্রাম। লোকগানের প্রতি আগ্রহের কারণ সম্পর্কে বিউটি বলেন, ছোটবেলা থেকে সব ধরনের গান করতাম। কিন্তু মনে হতো লোকগান আমার গলায় বেশি যায়। ক্লোজআপ ওয়ানে আসার পর দেশব্যাপী স্বীকৃতি পেলাম। বাংলাদেশের লোকগান এত সমৃদ্ধ যে, বহির্বিশ্বের আর কোনো দেশের গানের সঙ্গে তুলনাযোগ্য নয়। যারা আমাকে ভালোবাসেন, তারা আমার কাছ থেকে লোকগান শুনতে চান। আমি লোকগানের পাশাপাশি আধুনিক গানও করি।
বাংলাদেশে লোকগানের বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, লোকগান এখন ভালো অবস্থায় আছে। এটি সহজেই মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। তবে প্রত্যেক শিল্পীর দায়িত্ব হচ্ছে- লোকগানের মূল সুর ও কথা ঠিকভাবে ধরে রাখা। কেউ গানের সুর পরিবর্তন করলে সাধারণ শ্রোতা তা বুঝতে পারে। গানের আবেদনও নষ্ট হয়। নারী হিসেবে সংগীতচর্চায় বাধার বিষয়টি নিয়ে তিনি বলেন, আমার বাবা নিজেও গানের মানুষ হওয়ায় তেমন কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। তবে প্রাথমিক পর্যায়ে বাবার সামাজিক কিছু বাধা সামলাতে হয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিউটি জানান, সংগীত সমুদ্রের মতো গভীর। আমি চাই, আরও ভালোভাবে গান শিখতে ও বুঝতে। লালন শাহ’র গান নিয়ে কাজ চালিয়ে যাবো। আমার একটি ব্যক্তিগত আর্কাইভ থাকবে, যেখানে আমার গাওয়া লালনগীতি থাকবে। কিছু গান রেকর্ড হয়েছে, কিন্তু এখনো সেগুলোকে প্ল্যাটফরমে আনিনি। সামনে তা নিয়ে আসার পরিকল্পনা আছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন