পাকিস্তান সুপার লীগে (পিএসএল) নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নেয় শরিফুল ইসলামদের পেশোয়ার জালমি। পিএসএল অভিষেকের দিন পাওয়ারপ্লেতে ৩ ওভারে স্রেফ ২০ রান দেন টাইগার পেসার। দলের বাকিরা খরুচে হলেও নিয়ন্ত্রিত বোলিং করে যান শরিফুল। সুফিয়ান মুকিম বাদে (৭.০০) বাকি বোলারদের ইকোনমি যেখানে ১০.০০+, সেখানে টাইগার পেসারের ইকোনমি স্রেফ ৭.৭৫। ম্যাচের পর শরিফুল জানালেন, বাবরের আজমের থেকে তিনি পূর্ণ স্বাধীনতা উপভোগ করছেন।
রিশাদ হোসেনের রাওয়ালপিন্ডি পিন্ডিজের বিপক্ষে শনিবার ৫ উইকেটে জয় পায় পেশোয়ার। পিন্ডিজের দেয়া ২১৫ রানের লক্ষ্যে ৫ বল বাকি থাকতেই পৌঁছে যায় পেশোয়ার। এদিন ৪ ওভারে ৩১ রান খরচায় উইকেটশুন্য থাকেন শরিফুল। ম্যাচের আগে বাবর আজমের কাছ থেকেই ক্যাপ নেন এ বাঁহাতি পেসার। ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলকে শরিফুল বলেন, ‘আলহামদুলিল্লাহ আজকে পিএসএলে অভিষেক হয়েছে। সকালে যখন বললো আমি আজ খেলবো, খুব ভালো লেগেছে। সত্যি খুব ভালো লাগছিল যে পিএসএলে অভিষেক হবে। বাবর ভাইয়ের সঙ্গে আগে এলপিএলে (লঙ্কান প্রিমিয়ার লীগ) খেলেছি। আমার খেলা দেখেছে, বিশ্বাস রেখেছে। বলেছে, তুমি খেলো সমস্যা নাই, তোমার যেটা মন চায় করো। অনেক সাহায্য করেছে।’
দলে পূর্ণ স্বাধীনতা পাওয়া বিষয়ে ২৪ বছর বয়সী শরিফুল আরও বলেন, ‘প্রথম ওভারে বল করছিলাম, বলেছে তুমি শুধু গুড লেন্থে বল করো। বাউন্ডারি মারলেও সমস্যা নেই। পরে বলেছে, তোমার যে ফিল্ডিং লাগে আমাকে বলবা। যা করতে মন চাচ্ছে আমাকে বলবা। আসলে কয়েকটি ম্যাচে পাওয়ারপ্লেতে রান হচ্ছে ৬০+। ওই জায়গাতে এই উইকেটে বল খুব সুন্দর ব্যাটে আসে, তাই রান হচ্ছে। বাবর ভাই বলেছিল, তুমি পাওয়ারপ্লেতে ভালো করো। চেষ্টা করছিলাম উইকেটের। হয়নি সমস্যা নাই। ইনশাআল্লাহ সামনে চেষ্টা করব।’
দেশের সমর্থকদের প্রতি শরিফুলের বলেন, ‘অবশ্যই আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো খেলতে পারি, দেশের নাম উজ্জ্বল করতে পারি, সবাই যাতে সুস্থ থাকতে পারি। ২-১ ম্যাচ কেউ খারাপ করলেও ভয় পাবেন না, আমরা আবার ব্যাক করবো ইনশাআল্লাহ।’ পরবর্তী ম্যাচে আগামী ৩১শে মার্চ ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে খেলবে শরিফুলরা।
