যৌন হয়রানির মামলা থেকে অব্যাহতি বাবরের

যৌন হয়রানির মামলা থেকে অব্যাহতি বাবরের

ফন্ট সাইজ:

মাঠের ফর্ম নিয়ে নানা সমালোচনার মধ্যে ব্যক্তিগত জীবনে বড় স্বস্তির খবর পেলেন বাবর আজম। দীর্ঘদিনের আইনি লড়াই শেষে যৌন হয়রানি ও ব্ল্যাকমেইলের আলোচিত মামলা থেকে পাকিস্তানের তারকা ব্যাটারকে পূর্ণ অব্যাহতি দিয়েছেন লাহোর হাইকোর্ট। প্রকাশিত ৮ পৃষ্ঠার এক লিখিত আদেশে আদালত বাবরের বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন বলে ঘোষণা করেন।

ঘটনার সূত্রপাত হামিজা মুখতার নামের এক নারীর আবেদনকে ঘিরে। ওই নারী দাবি করেন, বাবর আজম তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন এবং একপর্যায়ে তিনি গর্ভবতী হয়ে পড়েন। পরবর্তীতে বাবর তাকে অস্বীকার করেন এবং আর্থিক শোষণ ও জোরপূর্বক নির্যাতনের অভিযোগও আনেন হামিজা। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ‘জাস্টিস অব দ্য পিস’ বাবরের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দেন। তবে লাহোর হাইকোর্টের বিচারপতি আসজাদ জাভেদ ঘারাল উভয় পক্ষের বক্তব্য ও নথিপত্র পর্যালোচনা করে জানান, বাবরের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর কোনো আইনি ভিত্তি নেই।

আদালত স্পষ্ট করে বলেন, ‘জাস্টিস অব দ্য পিস’ যথাযথ যাচাই-বাছাই ছাড়াই এফআইআর করার নির্দেশ দিয়েছিলেন, যা আইনি প্রক্রিয়া অনুযায়ী ত্রুটিপূর্ণ। ফলে হাইকোর্ট আগের সেই নির্দেশ বাতিল করে বাবরের করা রিট আবেদনটি গ্রহণ করেন।

বর্তমানে পাকিস্তান সুপার লীগে (পিএসএল) ব্যস্ত সময় পার করছেন বাবর। নিজেদের প্রথম ম্যাচে শনিবার রিশাদ হোসেনের রাওয়ালপিন্ডি পিন্ডিজের বিপক্ষে জয় তুলে নেয় বাবরের নেতৃত্বাধীন পেশয়ার জালমি। এ দলের হয়ে খেলছেন দুই টাইগার পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানা এবং ওপেনার তানজিদ হাসান তামিম। মাঠের পারফরম্যান্স নিয়ে নানা টানাপোড়েনের মধ্যে এই আইনি জয় বাবরের জন্য বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন