নড়াইল সদর উপজেলার তুলারামপুরে তেল দিতে না পারায় ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম নাহিদ সর্দার। সে তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার। অভিযুক্ত ট্রাক চালকের নাম সুজাত। তার বাড়ি নড়াইল সদর উপজেলার পেড়লী গ্রামে।
পেট্রোল পাম্পের ক্যাশিয়ার মো. জসিমউদদীন বলেন, ‘‘ট্রাকচালক মো. সুজাত পাম্পে তেল নিতে আসে কিন্তু পাম্পে তেল না থাকায় তাকে আমরা তেল দিতে পারিনি। এ নিয়ে পাম্পের ম্যানেজার নাহিদ ভাইয়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে সে রেগে গিয়ে বলে ‘তোদের পাম্পে তেল আছে তুই দিচ্ছিস না তোকে আজকে ট্রাকের তলে চাপা দেবো’।’’
পাম্পের আরেক কর্মচারী মো. সোহান ইসলাম বলেন, ‘নাহিদ ভাইয়ের সঙ্গে ওই ট্রাকচালকের তেল নিয়ে বাগবিতণ্ডা হয়। সে নাহিদ ভাইকে ট্রাকচাপার হুমকি দিয়ে পাম্পেই অবস্থান করছিল। পরে নাহিদ ভাই পাম্পের কাজ সেরে রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে তার ভাইয়ের বন্ধু জিহাদুল ইসলামকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। এ সময় সুজাত ট্রাক ঘুরিয়ে তার পেছনে রওনা দেয়। এ নিয়ে আমাদের সন্দেহ হলে আমি আর ক্যাশিয়ার জসিমউদ্দীন ভাই আমাদের মোটরসাইকেল নিয়ে ট্রাকের পেছনে যাই, গিয়ে দেখি সুজাত নাহিদ ভাইকে চাপা দিয়ে ট্রাক নিয়ে চলে যাচ্ছে। নাহিদ ভাই ঘটনাস্থলে নিহত হয় এবং জিহাদুল ভাই গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিহাদুল ভাইকে ঢাকা মেডিকেলে রেফার্ড করেন ।
নিহত নাহিদ সর্দারের চাচাতো ভাই মঞ্জুর সর্দার বলেন, ‘ট্রাক ড্রাইভার সুজাত পরিকল্পিতভাবে হুমকি দিয়ে আমার ভাইকে ট্রাক চাপা দিয়ে হত্যা করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’
তুলারামপুর হাইওয়ে থানার ওসি সেকেন্দার আলী বলেন, ‘ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে।’
নড়াইল সদর থানার ওসি ওলী মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনা ঘটানোর পর ট্র্যাক চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
তেল না পেয়ে ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ
নড়াইল প্রতিনিধি
অনলাইন
২ মাস আগে
২৯ মার্চ (রবিবার), ২০২৬, ৯ঃ৪৭ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
