রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছড়িয়ে পড়েছে হাম। এরই মধ্যে শিশু ওয়ার্ড থেকে হামে আক্রান্ত চার শিশুকে গত বৃহস্পতিবার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়ার সুপারিশ করা হয়েছিল। তাদের মধ্যে তিনজনই মারা গেছে। বেঁচে থাকা শিশু জান্নাতুল মাওয়াকে শনিবার বিকালে আইসিইউয়ে নেয়া হয়েছে। পাশাপাশি আরও তিন শিশুকে আইসিইউয়ে নেয়ার সুপারিশ করা হয়েছে। চলতি মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের চিকিৎসাধীন অবস্থায় মোট ১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে আইসিইউয়ে নেয়ার পরেও ৯ জনকে বাঁচানো সম্ভব হয়নি। অন্যদিকে সাধারণ ওয়ার্ডের কোনো খবর জানা যায়নি।
জানা যায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় ১৮ই মার্চ রাজশাহী বিভাগের ১৫৩ রোগীর নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৪ জনের হাম পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তের হার প্রায় ২৯ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও পাবনায় এ রোগের সংক্রমণ বেশি হয়েছে। গত পহেলা মার্চ থেকে ২৬শে মার্চ পর্যন্ত রাজশাহীতে ৮৪ জন হাম রোগীকে আইসিইউয়ে নেয়ার সুপারিশ করা হয়েছে। তাদের মধ্যে আইসিইউয়ে নেয়ার পর ৯ জন এবং আইসিইউ’র অপেক্ষায় থাকা তিন শিশুর মৃত্যু হয়েছে। এদিকে, পাবনায় সকাল পর্যন্ত আক্রান্ত ২৬ শিশু ‘হাম ওয়ার্ডে’ চিকিৎসাধীন ছিল। এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মাসুম মানবজমিনকে বলেন, আজকেও হামে আক্রান্ত একটি শিশুকে নরমাল শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এরজন্য এখনো আলাদা চিকিৎসা ব্যবস্থার জোন রেডি নাই। কিন্তু এ রোগ ছোঁয়াচে। হাম রোগী সাধারণ রোগীর সঙ্গে থাকলে ছড়িয়ে পড়তেই থাকবে। যা ভয়াবহ রূপ নিতে পারে।
রাজশাহী মেডিকেলে ছড়িয়ে পড়েছে হাম, আইসিইউ’র স্বল্পতায় ৩ শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে
২৯ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
