র‌্যাবের মহাপরিচালক আহসান হাবীবের দায়িত্ব গ্রহণ

ফন্ট সাইজ:

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১২তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। গত ১৬ই মার্চ র‌্যাবের ডিজি হিসেবে তাকে নিয়োগ দেয় সরকার। গতকাল র‌্যাব হেডকোয়ার্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
আহসান হাবীব পলাশ ১৯৯৫ সালে বিসিএস ১৫তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী থেকে ১ বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন। তার দীর্ঘ বর্ণিল চাকরিজীবনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি ৪ এপিবিএন, ডিএমপি, সিএমপি, এসএমপিসহ রাঙ্গামাটি, শরীয়তপুর এবং নারায়ণগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি পিবিআই হেডকোয়ার্টাসে প্রশাসনিক ও তদন্ত কার্যক্রমে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। পদোন্নতি সূত্রে তিনি রেঞ্জ ডিআইজি চট্টগ্রাম হিসেবে দায়িত্ব পালন করেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কসোভো, লাইবেরিয়া, সুদান ও দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করেছেন র‌্যাবের এই নতুন ডিজি। বাংলাদেশ পুলিশের অনন্য সেবাদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বাংলাদেশ পুলিশ মেডেল’ (বিপিএম-সেবা) পদকে ভূষিত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) এবং এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও মালয়েশিয়া থেকে বিভিন্ন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন