স্টিক হাতে মাসখানেক ধরে ঘাম ঝরান জাতীয় হকি দলের খেলোয়াড়রা। সবার প্রাথমিক লক্ষ্য একটাই। থাইল্যান্ডে হতে যাওয়া এশিয়ান গেমস হকির বাছাইপর্ব পেরিয়ে মূলপর্বে জায়গা করে নেয়া। সেই লক্ষ্যে ১৮ সদস্যের বাংলাদেশ জাতীয় হকি দল ৩১শে মার্চ দেশ ছাড়বে। কিন্তু এখনো কোনো প্লেয়ার ভিসা পাননি। ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসানের আশা দুই-একদিনের মধ্যে দলের ভিসা জটিলতা কেটে যাবে। তিনি বলেন, ‘আমরা সব প্রসেস করে রেখেছি। প্লেয়ারদের টিকিট করা হয়ে গেছে। ভিসা পেতে কিছুটা দেরি হচ্ছে। আশা করছি দু-একদিনের মধ্যে ভিসা হাতে পেয়ে যাবো।’ নিরাপত্তাশঙ্কায় এশিয়ান হকি ফেডারেশন বাছাইপর্বের ম্যাচগুলো ওমান থেকে থাইল্যান্ডে সরিয়ে নিয়েছে। নতুন সূচি অনুযায়ী ২রা এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে এ টুর্নামেন্ট টার্ফে গড়াবে। বাছাইপর্বে বাংলাদেশ এবার ‘পুল বি’-তে রয়েছে। একই পুলে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, চাইনিজ তাইপে এবং উজবেকিস্তান। ‘পুল এ’-তে স্বাগতিক থাইল্যান্ড ছাড়াও হংকং, ইন্দোনেশিয়া, কাজাখস্তান ও ওমান প্রতিদ্বন্দিতা করবে। বাছাইপর্বের উদ্বোধনী দিনে নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ। পরদিন শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে লাল-সবুজ প্রতিনিধিরা। দুই দিন বিরতির পর ৬ই এপ্রিল গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপপর্ব শেষে টুর্নামেন্টের শীর্ষ চার দল সেমিফাইনাল খেলার পাশাপাশি পাবে এশিয়ান গেমসের মূলপর্বে খেলার টিকিট। এ সুযোগ লুফে নিতে প্রস্তুত থাইল্যান্ড সফরে বাংলাদেশ দলের প্রধান কোচ আশিকুজ্জামান। টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য জানিয়ে আশিকুজ্জামান বলেন, ‘আমাদের মূল লক্ষ্য থাকবে বাছাইপর্ব বাঁধা টপকানো। এরপর ফাইনালের দিকে ফোকাস করবো।’ প্রথমবারের মতো জাতীয় দলের হেড কোচ হিসেবে বিদেশ সফরে যাচ্ছেন আশিকুজ্জামান। এত বড় দায়িত্বকে চ্যালেঞ্জের চেয়ে ভাগ্যের কাছে ছেড়ে দিয়েছেন তিনি। এ নিয়ে আশিকুজ্জামান বলেন, ‘আমি শেখাতে পারবো, মাঠে খেলবে প্লেয়াররা। সবকিছু আসলে ভাগ্যের ওপর নির্ভরশীল।’ থাইল্যান্ডে পা রাখার পর ১লা এপ্রিল হংকং দলের সঙ্গে দুই কোয়ার্টারের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় হকি দল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ম্যাচ টাইম অনুযায়ী প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দেশের মাটিতেও এই সময়কে মাথায় রেখে প্রন্তুত হচ্ছে ফজলে হোসেন রাব্বিরা। এ নিয়ে আশিকুজ্জামান বলেন, ‘প্লেয়ারদের যে কোনো কন্ডিশনে মানিয়ে নিতে হবে। থাইল্যান্ডে এখন বাংলাদেশের চেয়ে একটু বেশি গরম। ম্যাচ টাইম বিবেচনায় আমরা দুপুরে অনুশীলন করছি।’ জাতীয় দলে প্রথমবার অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সিনিয়র হকি খেলোয়াড় ফজলে হোসেন রাব্বি। এ দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত তিনি। রাব্বি বলেন, ‘অধিনায়কের দায়িত্ব পেয়ে ভালো লাগছে। দলে সিনিয়র ও জুনিয়রের মধ্যে ভালো বন্ডিং রয়েছে। এশিয়ান গেমসের বাছাইপর্বে ম্যাচ বাই ম্যাচ এগুতে চাই।’ পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ২৫ গোল হজম করে বাংলাদেশ। সেই ভুল-ত্রুটি কাটিয়ে এশিয়ান গেমসের বাছাইয়ে সেরাটা দিতে চান সহ অধিনায়কের দায়িত্ব পাওয়া গোলরক্ষক বিপ্লব কুজুর। তিনি বলেন, ‘পাকিস্তান সিরিজের ভুল-ত্রুটির ভিডিও অ্যানালাইসিস দেখেছি। প্রস্তুতিতে কোচের নির্দেশনা পালন করার চেষ্টা করেছি।’ দীর্ঘ অপেক্ষার পর জাতীয় দলের প্রথমবারের মতো ডাক পেয়েছেন ডিফেন্ডার খালেদ মাহমুদ রাকিন। শৃঙ্খলাজনিত কারণে বাদ পড়েন সিনিয়র তারকা সোহানুর রহমান সবুজ। আর দলে ফিরেছেন অভিজ্ঞ হকি তারকা পুস্কর খীসা মিমো। এএইচএফ কাপের দল থেকে বাদ পড়ার পর পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপ বাছাইয়ের সিরিজে দলের বাহিরে ছিলেন এ ফরোয়ার্ড। তার ফেরা নিয়ে আশিকুজ্জামান বলেন, ‘মিমো ট্রেনিংয়ে অনেক পরিশ্রম করেছে। স্কোরিং ক্ষমতা ভালো। আশা করছি, সে ভালো করবে।’ ২০২২ সালে এশিয়ান কাপ বাছাইপর্বে রানার্সআপ হয় বাংলাদেশ। ফাইনালে বাংলাদেশকে ৬-২ গোলে হারায় ওমান। এর আগে ২০১৮ সালে বাছাইপর্বে ওমানের কাছে ফাইনালে হারে বাংলাদেশ। সেই বার বাংলাদেশকে ২-০ গোলে হারায় দলটি। তবে ২০১৪ সালে ঘরের মাঠে হওয়া একই টুর্নামেন্টে ওমানকে ৬-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
এশিয়ান গেমস হকি বাছাই
মূলপর্বে খেলার লক্ষ্য বাংলাদেশের কাটেনি ভিসা জটিলতা
স্পোর্টস রিপোর্টার
২৯ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
